Home » UEFA Euro Cup 2024 : মালেনের জোড়া গোল, রোমানিয়াকে উড়িয়ে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস

UEFA Euro Cup 2024 : মালেনের জোড়া গোল, রোমানিয়াকে উড়িয়ে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ জুলাইঃ সুপার সিক্সটিনের দাপুটে জয় নেদারল্যান্ডসের। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় রোমানিয়াকে হারিয়ে দিল ডাচরা। খেলার ফল তাদের পক্ষে ৩-০। জোড়া গোল করলেন ডনিয়েল মালেন। আরও একটি গোল এল কোডি গাকপোর পা থেকে। এই জয়ের ফলে প্রতিযোগিতার কোয়ার্টারে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিল রোনাল্ড কোম্যানের ছেলেরা। শেষ আটে নেদারল্যান্ডস মুখোমুখি হবে তুরস্কের।

গ্রুপ পর্ব থেকে সরাসরি সুপার সিক্সটিনে পৌঁছতে পারেনি নেদারল্যান্ডস । ডি গ্রুপের তিন নম্বরে শেষ করেছিল তারা। কিন্তু প্রতিযোগিতার নিয়ম অনুসারে তিন নম্বরে থাকা সেরা চার দল সুপার সিক্সটিনে খেলার ছাড়পত্র আদায় করে নেবে। সেই হিসাবে এবার শেষ ষোলোয় পৌঁছেছিল ডাচ শিবির। গ্রুপ পর্বে দলের খেলা মন ভরাতে পারেন দর্শক ও সমর্থকদের। কিন্তু নকআউটে দেখা গেল অন্য চিত্র। গোটা ম্যাচে দাপুটে ফুটবল খেলে নেদারল্যান্ডস। প্রথম ১৫ মিনিটে কয়েকটি আক্রমণ করেছিল রোমানিয়া। তার পরে ধীরে ধীরে খেলা থেকে তারা হারিয়ে যায়। উল্টে ম্যাচে দখল নিজেদের পক্ষে নিয়ে নেয় ডাচরা। হলুদ জার্সিধারীদের বক্সে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে কমলা জার্সিধারীরা। ২০ মিনিটের মাথায় গোলের খাতা খোলে নেদারল্যান্ডস। বাঁ প্রান্তে বল ধরে একক দক্ষতায় রোমানিয়ার বক্সে ঢুকে পড়েন কোডি গাকপো। তারপর ডান পায়ের গড়ানে শট রাখেন প্রথম পোস্টে। সম্ভবত গোলরক্ষক শটের দিক অনুমান করতে পারেননি। তাই গাকপোর শটে পরাস্ত হতে হয় তাঁকে। চলতি ইউরো কাপে এই নিয়ে নিজের তৃতীয় গোল পেয়ে গেলেন লিভারপুলের ফুটবলার। প্রথমার্ধে আরও গোল করার সুযোগ পেয়েছিল কোম্যানের ছেলেরা। কিন্তু প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি।

আরও পড়ুনঃ UEFA Euro Cup 2024 : ডিফেন্ডারের জোড়া গোল, লড়াকু অস্ট্রিয়াকে হারিয়ে ইউরো কাপের কোয়ার্টারে তুরস্ক

দ্বিতীয়ার্ধেও সমান দাপট দেখায় ডাচরা। এই সময় রোমানিয়া গোলের নিচে দুর্ভেদ্য হয়ে উঠেছিলেন গোলরক্ষক নিতা। এছাড়াও হার না মানা ফুটবল খেলেন তাদের ডিফেন্ডার রাদু ড্রাগুসিন। এই দুজনে বেশ কয়েকবার দলের অবধারিত পতন রুখে দেন। ৫৮ মিনিটে ভার্জিল ভ্যান ডাইকের হেড বাঁচিয়ে দেন নিতা। কোডি গাকপোর শটও তিনি বাঁচিয়ে দলকে খেলায় রাখেন।কিন্তু আক্রমণের রাশ আলগা করেনি ডাচরা। ফলও পায় তারা। ৮৩ মিনিটে ব্যবধান বাড়ায় নেদারল্যান্ডস। গাকপোর পাস থেকে গোল করেন ডরিয়েল মালেন। সংযুক্তি সময়ে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটিও করেন তিনি। শেষ পর্যন্ত ৩-০ গোলে জিতে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।   

About Post Author