Home » NEET UG- এর প্রশ্নফাঁস তদন্তে এবার নিউ টাউনের অভিজাত আবাসনে সিবিআই হানা

NEET UG- এর প্রশ্নফাঁস তদন্তে এবার নিউ টাউনের অভিজাত আবাসনে সিবিআই হানা

সময় কলকাতা ডেস্ক, ৪ জুলাই: ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা এবং ইউজিসি নেট কেলেঙ্কারি নিয়ে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। ইতিমধ্যেই নিট ইউজি(NEET UG)-এর প্রশ্নফাঁস মামলায় সিবিআই তদন্তেরও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। নিটের প্রশ্ন ফাঁসের তদন্তে বিহার, ঝাড়খণ্ড, গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ ও রাজস্থানে আগেই হানা দিয়েছিল সিবিআই। নিটের প্রশ্ন ফাঁসের তদন্তে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি চক্রী ধরা পড়েছে বিহার থেকে। এবারে প্রশ্ন ফাঁসের তদন্তে নিউ টাউনের অভিজাত আবাসনে  হানা দিল সিবিআই। সূত্র মারফত জানা গিয়েছে, বিহারের নালন্দার সঞ্জীব মুখিয়ার গ্যাংয়ের সঙ্গে জড়িত অভিযুক্তের একটি ফ্ল্যাট রয়েছে নিউ টাউনে। বুধবার অ্যাকশন এরিয়া ৩-এর একটি অভিজাত আবাসনের সেই ফ্ল্যাটেই হানা দিয়েছেন সিবিআই অফিসাররা।

আরও পড়ুন   যৌন হেনস্তার অভিযোগে এবার রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজভবনের সেই অস্থায়ী মহিলা

এদিন দুপুরের দিকে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিউ টাউনে পৌঁছয় তদন্তকারীদের একটি দল। কিন্তু ফ্ল্যাটটি তালাবন্ধ থাকায় একজন তালা খোলার মিস্ত্রিকে ডেকে আনা হয়। এরপর তদন্তকারীরা কথা বলেন আবাসনের নিরাপত্তারক্ষী ও অন্য আবাসিকদের সঙ্গে। জানা যায়, ঝাড়খণ্ডের বাসিন্দা অমিত মাঝেমধ্যেই নিউটাউনের এই ফ্ল্যাটে আসে। এদিন চিরুনি তল্লাশির পর ফ্ল্যাটটি সিল করে দিয়ে সিবিআইয়ের অফিসাররা ফিরে যান। বৃহস্পতিবার ফের সেখানে যাওয়ার কথা রয়েছে তদন্তকারীদের। জানা গিয়েছে, বিহার, ঝাড়খণ্ডের পাশাপাশি বাংলাতেও অমিত কুমারের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাবে সিবিআই।

এই পরীক্ষা নিয়ে বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যেই শিক্ষামন্ত্রক বেশ কিছু রিভিউয়ের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে যে, এর তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হবে। নিট ইউজি ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় বিস্তর অভিযোগ ওঠে। প্রশ্নপত্র ফাঁসের একটি অভিযোগও রয়েছে। ৩০ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রিরও অভিযোগ ওঠে। এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। পরীক্ষা বাতিলের আর্জি, কাউন্সেলিং বন্ধ রাখার আর্জির পাশাপাশি সিবিআই তদন্ত চেয়েও আবেদন জমা পড়ে দেশের শীর্ষ আদালতে। এনটিএ-কে নোটিস দেয় সুপ্রিম কোর্ট। নেট ইউজিসি নিয়ে ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কারচুপির তদন্ত হলেও ২০২৪-এর মে মাসে হওয়া নিট-ইউজি বাতিল বলে গণ্য হচ্ছে না বলেই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। পরীক্ষা পদ্ধতিতে কোথায় কোন খামতি রয়েছে, তা ঠিক করতে বিশেষজ্ঞদের নিয়ে তৈরি করা হয়েছে সাত সদস্যের একটি কমিটি। কমিটির নেতৃত্বে রয়েছেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ডঃ কে রাধাকৃষ্ণন। এছাড়াও দিল্লি এইমসের প্রাক্তন ডিরেক্টর চিকিৎসক রণদীপ গুলেরিয়া। সাত সদস্যের এই কমিটিতে আছেন আইআইটি দিল্লি ও আইআইটি মাদ্রাজের অধ্যাপকও। উচ্চ পর্যায়ের এই কমিটি যে বিষয়গুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পরামর্শ দেবে, সেগুলি হল পরীক্ষা পদ্ধতি, তথ্যের গোপনীয়তা, ন্যাশনাল টেস্ট এজেন্সির কার্যক্রম এবং কর্মপদ্ধতি। এই কমিটিকে বলা হয়েছে আগামী দুই মাসের মধ্যে মন্ত্রককে স্বচ্ছ রিপোর্ট দিতে হবে। প্রথমে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট, তারপর ইউজিসি-নেট, একের পর এক পরীক্ষাকে কেন্দ্র করে তুমুল বিতর্ক তৈরি হয়েছে শিক্ষা মহলে। প্রশ্ন উঠতে শুরু করেছে এনটিএ-র ভূমিকা নিয়েও।

About Post Author