Home » East Bengal : দলবদলে বড় চমক, আবারও ইস্টবেঙ্গলে মোহন জনতার আদরের ‘সেভ-জিৎ’

East Bengal : দলবদলে বড় চমক, আবারও ইস্টবেঙ্গলে মোহন জনতার আদরের ‘সেভ-জিৎ’

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ জুলাইঃ দলবদলের বাজারে ফের চমক দিল ইস্টবেঙ্গল। কলকাতা ময়দানের পরিচিত মুখ ও অভিজ্ঞ গোলরক্ষক দেবজিৎ মজুমদারকে তুলে নিল লাল-হলুদ ব্রিগেড। এই নিয়ে তৃতীয়বারের জন্য ইস্টবেঙ্গলে যোগ দিলেন তিনি। আগামী দুই বছরের চুক্তিতে নিজের পুরনো ক্লাবে ফিরলেন দেবজিৎ।

একটা সময় ভারতীয় ফুটবলে বাঙালি গোলরক্ষকদের রমরমা ছিল। ভাস্কর গাঙ্গুলি, তরুণ বসু, অতনু ভট্টাচার্যরা তিন কাঠির তলায় কলকাতার তিন প্রধানকে ভরসা জুগিয়েছিলেন একটা সময়। সেই ব্যাটনটা তাদের হাত থেকে হস্তান্তরিত হয় সুব্রত পাল, সংগ্রাম মুখোপাধ্যায় ও সন্দীপ নন্দীদের হাতে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই রমরমা কমেছে। বর্তমানে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রথম দলের দুজন গোলরক্ষকের কেউই বাঙালি নন। আইএসএলের দলগুলিতেও বাঙালি গোলরক্ষক খুঁজে পাওয়া যাবে হাতেগোনা। তার মধ্যে একজন দেবজিৎ মজুমদার। যিনি গত মরশুমে চেন্নাইয়িন এফসির হয়ে দুরন্ত ফুটবল খেলেন। যুবভারতীতে দেবজিতের বিশ্বস্ত হাতে আটকে গিয়েছিল তাঁর প্রাক্তন দল মোহনবাগান। তারকাখচিত সবুজ মেরুন আক্রমণভাগকে একাই রুখে দিয়ে ম্যাচের নায়ক হয়ে উঠেছিলেন। সেই ম্যাচে ৩ পয়েন্ট পেয়ে মাঠ ছাড়ে চেন্নাইয়িন। এছাড়াও প্রতিযোগিতার অন্য একটি ম্যাচে ১১ টি সেভ করে নজির গড়েছিলেন এই বঙ্গতনয়। এবার দেবজিতকে দলে নিয়ে চমক দিল ইস্টবেঙ্গল।

আরও পড়ুনঃ UEFA Euro Cup 2024 : ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে কারা কাদের প্রতিপক্ষ, কবে রয়েছে ম্যাচ?

প্রসঙ্গত ইস্টবেঙ্গলই দেবজিতের প্রথম বড় ক্লাব। এফসিআই, কালীঘাট মিলন সংঘ, ইউনাইটেড সিকিম হয়ে ২০১১ সালে ইস্টবেঙ্গলে তিনি যোগ দিয়েছিলেন। কিন্তু বেশি সুযোগ পাননি। পরের বছর ভবানীপুরে যোগ দেন আরও বেশি সময় পাওয়ার আশায়। ভবানীপুরে সেই সুযোগও পান তিনি। সেখান থেকে যোগ দেন মোহনবাগানে। আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ২০১৪ সাল থেকে টানা খেলেছেন মোহনবাগানের হয়ে। অসংখ্য ম্যাচে দলকে জিতিয়েছেন তিন কাঠির তলায় দুর্ভেদ্য হয়ে উঠে। মোহনবাগান সমর্থকরা তাঁকে ভালবেসে নাম দিয়েছিল ‘সেভ-জিৎ’। মোহনবাগান ছাড়ার পর আইএসএলের বিভিন্ন ক্লাবে ঘুরে ২০২০ সালে যোগ দেন ইস্টবেঙ্গলে। কিন্তু আবারও খুব বেশি সুযোগ পাননি। আবার লালহলুদ জার্সি গায়ে চাপাতে চলেছেন ৩৬ বছরের বাঙালি গোলরক্ষক। কিন্তু প্রভসুখন গিল থাকায় কতটা তিনি সুযোগ পাবেন? প্রশ্ন থাকছেই।

About Post Author