স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ জুলাইঃ নব্বই মিনিটের ম্যাচ শেষ হল প্রায় সাড়ে চার ঘন্টায়। খেলা শেষের দু’ঘন্টা পর এল ফলাফল। ফুটবলারদের লক্ষ্য করে উড়ে এল বোতল, আতশবাজি। চূড়ান্ত অব্যবস্থার মধ্যে শেষ হল অলিম্পিক্স ফুটবলের প্রথম ম্যাচ। বিতর্কিত ম্যাচে মরোক্কোর কাছে ১-২ গোলে হারতে হল কোপাজয়ী আর্জেন্টিনাকে ।

প্যারিস অলিম্পিক্স শুরু হতে বাকি এখনও একদিন। তার আগে বুধবার ফুটবল ম্যাচ দিয়ে শুরু হয়েছিল প্রতিযোগিতা। ফ্রান্সের সেন্ট এটিনে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং মরক্কো। সেই ম্যাচ সাক্ষী থাকল কিছু অনভিপ্রেত ঘটনার। দুই অর্ধে একটি করে গোল করে মরোক্কোকে এগিয়ে দিয়েছিলেন সউফিয়ানে রহিমি। ম্যাচের ৬৮ মিনিট পর্যন্ত ০-২ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টনা। একটা সময় মনে হয়েছিল সহজেই কোপাজয়ীদের বিরুদ্ধে জিতে যাবে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। ৬৮ মিনিটে কিছুটা অক্সিজেন পায় মেসির দেশ। দলের হয়ে একটি গোল শোধ করে দেন জিউলিয়ানো সিমিয়নে। নির্ধারিত ৯০ মিনিটে আর একটা গোল শোধ করতে পারেনি আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে ১৫ মিনিট সংযুক্ত করেন রেফারি। সেই সময়ের শেষের দিকে খেলায় সমতা ফেরায় নীল-সাদা জার্সিধারীরা। গোল করেন ফাকুণ্ডো মেদিনা। তারপরেই ক্ষোভে ফেটে পড়েন মরোক্কোর কোচ, ফুটবলার ও সমর্থকেরা। তাঁদের দাবি আর্জেন্টিনার সমতাসূচক গোলটি হয় অফসাইডে। পাশাপাশি, দ্বিতীয়ার্ধে কেন ১৬ মিনিট অতিরিক্ত সময় যোগ করা হল তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। আর্জেন্টিনাকে জেতানোর জন্য পক্ষপাতিত্বের অভিযোগও ওঠে। ফুটবলারদের লক্ষ্য করে আতশবাজি ও জলের বোতল ছুঁড়তে থাকেন মরক্কো সমর্থকরা। ফেন্সিং টপকে মাঠে ঢুকে পড়েন তাঁরা। চরম বিশৃঙ্খলার মধ্যে ম্যাচ শেষ করা যায়নি। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে।
আরও পড়ুনঃ Mohun Bagan : দুটি পেনাল্টি নষ্টের খেসারত, পুলিশি ব্যারিকেডে আটকে গেল মোহনবাগান
কিছুটা সমর্থকদের চাপের কাছে নতিস্বীকার করতে হয় আয়োজকদের। যেই ঘটনা ক্রীড়াজগতের ইতিহাসে বিরল। জানিয়ে দেওয়া হয় ম্যাচ স্থগিত রাখা হবে। প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় গ্যালারি ফাঁকা করে ম্যাচ শুরু হয়। ভার-এর সাহায্য নিয়ে আর্জেন্টিনার দ্বিতীয় গোল অফসাইডের কারণে বাতিল করা হয়। কয়েক মিনিট পর ম্যাচ শেষের বাঁশি বাজান রেফারি। ১-২ গোলে হার মানতে হয় আর্জেন্টিনাকে। ঘটনার পর সামাজীক মাধ্যমে প্রতিবাদ জানান আর্জেন্টিনার সিনিওর ফুটবলাররা। মেসি লেখেন, ‘ইনসোলিতো’ অর্থাৎ ‘অবিশ্বাস্য’। পুরো ঘটনাকে সার্কাস বলে কটাক্ষ করেন দলের কোচ জ্যাভিয়ার মাসচেরানো। সব মিলিয়ে এক ঐতিহাসিক অভিজ্ঞতার সাক্ষী থাকল ফুটবল বিশ্ব।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার