Home » বিধ্বংসী অগ্নিকাণ্ড গিরিশ পার্ক এলাকায়, গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিদগ্ধ ২ মহিলা, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

বিধ্বংসী অগ্নিকাণ্ড গিরিশ পার্ক এলাকায়, গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিদগ্ধ ২ মহিলা, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

সময় কলকাতা ডেস্ক, ২৬ জুলাই: বিধ্বংসী অগ্নিকাণ্ড গিরিশ পার্ক এলাকায়। শুক্রবার সকালে ভয়াবহ আগুন লাগে গিরিশ পার্কের রামদুলাল সরকার স্ট্রিটের একটি বাড়িতে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ভস্মীভূত হয়ে যায় দোতলা বাড়ির উপরের চিলেকোটা ঘর। অন্যদিকে, অগ্নিকাণ্ডে ঝলসে গিয়েছেন দুই মহিলা। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে আসে দমকলের ৫টি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখনও পুরোপুরি পরিস্থিতি আয়ত্তে নয়। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ ও দমকলের আধিকারিকরা।

আরও পড়ুন  Mohammedan Sporting | CFL 2024 : পাঠচক্রকে হারিয়ে জয়ের সরণীতে মহামেডান

জানা গিয়েছে, এদিন সকাল কলকাতা পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গিরিশ পার্কের রামদুলাল সরকার স্ট্রিটের একটি বাড়িতে আচমকাই আগুন লেগে যায়। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকায় কয়েক মিনিটের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আতঙ্কে সৃষ্টি হয় গোটা চত্বর জুড়ে। দ্রুত আগুনের লেলিনহান শিখা বাড়তে থাকে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়। এরপর দমকলে খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নিভানোর কাছে হাত লাগান। গোটা এলাকা ফাঁকা করতে শুরু করেন তারা। এমনকী আশপাশের সবকটি বাড়ি থেকে সিলিন্ডার বের করে নিয়ে যাওয়া হয়। বন্ধ রাখা হয় বিদ্যুৎ সংযোগ। দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, রান্না করার সময় গ্যাস লিক করেই এই অগ্নিকাণ্ড ঘটে। তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তাদেরকে বোঝা যাচ্ছে এদিন আগুনের তীব্রতা ঠিক কতটা ছিল। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় ওই বাড়ির দুই মহিলা গুরুতর জখম হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দমকলের আধিকারিকরা জানিয়েছেন, ঘরের ভিতরে থাকা যাবতীয় আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। অন্যদিকে, এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান এলাকার কাউন্সিলর তারক চট্টোপাধ্যায় এবং শ্যামপুকুরের বিধায়ক শশী পাঁজা। তারা গিয়ে দমকলের কাজকর্ম খতিয়ে দেখেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন।

#Latestbengalinews

#DevastatingfireinGirishPark

About Post Author