স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ জুলাইঃ ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল মহামেডান স্পোর্টিং। বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে তারা হারিয়ে দিল পাঠচক্রকে। সাদা কালো ব্রিগেড জিতল ২-১ গোলে। যদিও ম্যাচের শেষের কয়েক মিনিট দশজনে খেলতে হয় হাকিম সেনজেন্দোর ছেলেদের। তবুও ম্যাচ শেষে পুরো ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল তারা।

নিজেদের ঘরের মাঠে চেনা ছন্দে দেখা যাচ্ছিল না গত তিনবারের কলকাতা লিগজয়ীদের। তাই আইএফএ-র কাছে মাঠ বদলের আবেদন করেছিলেন মহামেডানের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস। সেই মত তাদের ম্যাচ দেওয়া হয় নৈহাটিতে। মাঠ বদল করতেই ফের স্বমহিমায় দেখা গেল মহামেডান স্পোর্টিংকে। এ গ্রুপের সকলের নীচে থাকা পাঠচক্রের বিরুদ্ধে দাপুটে ফুটবল উপহার দিল কলকাতার তৃতীয় প্রধান। ২১ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় মহামেডান। গোল করে দলকে এগিয়ে দেন ইসরাফিল দেওয়ান। প্রথমে রবিন সিংয়ের শট গোল লাইন থেকে ফেরত পাঠান বিপক্ষের এক ফুটবলার। ফিরতি বলে শট মারেন তন্ময় ঘোষ। সেই শটও পোস্টে প্রতিহত হয়ে ফিরে আসে। বলটি ক্লিয়ার করতে পারেননি পাঠচক্রের ফুটবলাররা। বক্সের মধ্যে থেকে সুযোগ সন্ধানী স্ট্রাইকারের মত চলতি বলে শট মেরে গোল করে যান ইসরাফিল। প্রথমার্ধে তারপরও ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি মহামেডান ফুটবলাররা।
আরও পড়ুনঃ অলিম্পিক গেমস প্যারিস 2024 : ভারতের সম্ভাবনা
দ্বিতীয়ার্ধে কিছুটা খেলায় ফেরে পাঠচক্র। ৪৯ মিনিটের মাথায় সমতাসূচক গোলের দেখাও পেয়ে যায় তারা। বক্সের মধ্যে মহামেডান ফুটবলার জসিমের হাতে বল লাগলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি দেবাশিস হালদার। এরপর তিন পয়েন্টের জন্য মরিয়া হয়ে ওঠে সাদা কালো ব্রিগেড। একের পর এক সুযোগ তৈরি করলেও কিছুতেই দ্বিতীয় গোলের দেখা পাচ্ছিল না তারা। উত্তাপ বাড়তে থাকে ম্যাচের। রেফারির সঙ্গে তর্ক করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মহামেডান কোচ। ৮৭ মিনিটে আবার ধাক্কা খায় সাদা কালো ব্রিগেড। বিপক্ষের এক ফুটবলারকে দৃষ্টিকটূ ফাউল করে লালকার্ড দেখেন জেমস সিং। দশজনে হয়ে যায় মহামেডান। তারপরেও ম্যাচ জয়ের আশা ছাড়েনি তারা। অবশেষে সংযুক্তি সময়ে পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চি করেন মহীতোষ রায়। সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তিন নম্বরে উঠে এল মহামেডান।


More Stories
পুলিশকে অ্যারেস্ট করে বারাসাতে জিতল মহামেডান
অস্ট্রেলিয়ায় ৫৪ রানে খতম বাংলাদেশ, ইনিংসে হার, অখ্যাত তরুণের ৮ উইকেট
লিগের খেলা সুসম্পন্ন করে বারাসাত স্টেডিয়াম দিল ডার্বির বার্তা