Home » অভিষেককে সঙ্গে নিয়ে শুক্রবারই দিল্লি যাচ্ছেন মমতা, যোগ দেবেন নীতি আয়োগের বৈঠকে

অভিষেককে সঙ্গে নিয়ে শুক্রবারই দিল্লি যাচ্ছেন মমতা, যোগ দেবেন নীতি আয়োগের বৈঠকে

সময় কলকাতা ডেস্ক, ২৬ জুলাই: অবশেষে জল্পনার অবসান! রাতারাতি বদলে গেল সিদ্ধান্ত। শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, অভিষেককে সঙ্গে নিয়ে শুক্রবার দিল্লির উদ্দেশে রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে বিমানবন্দর থেকে তিনি সোজা পৌঁছবেন বঙ্গভবনে। সেখানে দলীয় সাংসদদের সঙ্গে তাঁর বৈঠক রয়েছে বলে জানিয়েছেন সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এরপর শনিবার মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন।

আরও পড়ুন  Sevoke-Rangpo Railway Projectঃ সেবক-রংপো রেল প্রকল্পের কাজ করতে গিয়ে ফের মৃত্যু শ্রমিকের, প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ

নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবারই দিল্লি যাওয়ার কথা ছিল মমতার। লোকসভা নির্বাচনের পর এটাই তাঁর প্রথম দিল্লি যাত্রা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সফর বাতিল করেন তিনি। এর ফলে শনিবার নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ যোগ দেবেন কিনা, তা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। শেষমেশ সব জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবারই দিল্লি যাচ্ছেন মমতা।

প্রসঙ্গত, আগামী ২৭ জুলাই দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক। ওই বৈঠক হওয়ার কথা প্রধানমন্ত্রীর মোদীর নেতৃত্বেই। সব রাজ্যের মুখ্যমন্ত্রীর তাতে অংশ নেওয়ার কথা রয়েছে। যোগ দিচ্ছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। তার আগে দলের সাংসদদের সঙ্গে বৈঠকেরও কর্মসূচি রয়েছে শুক্রবার। দিল্লিতে একটি মিট দ্য প্রেস কর্মসূচিও রয়েছে। যদিও নীতি আয়োগের ওই বৈঠক নিয়ে বিরোধী শিবিরেও ‘বিতর্ক’ তৈরি হয়েছে। কংগ্রেসি মুখ্যমন্ত্রীরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, তাঁরা ওই বৈঠক বয়কট করছেন। বৈঠকে যোগ দিতে আসবেন না তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও। আসবেন না ঝাড়খন্ড এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রীরাও। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মমতার দিল্লি না যাওয়ার সিদ্ধান্তে শুরু হয়েছিল জোর জল্পনা।

উল্লেখ্য, দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার রাজ্যের দাবিদাওয়াগুলোকে তুলে ধরবেন বলেই সূত্রের খবর। তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক সংঘাতের কারণেই বাংলাকে আলাদা করে টার্গেট করছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় প্রকল্পের টাকা বাংলা পাচ্ছে না। কেন্দ্রের তরফ থেকে পাল্টা দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। দুর্নীতির অভিযোগ কার্যত অজুহাত বলেই পাল্টা চ্যালেঞ্জ করেছে রাজ্য সরকার। নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক মঞ্চে মাঠে-ময়দানে একই অভিযোগ তুলেছে রাজ্য সরকার। একশো দিনের কাজ, আবাসের টাকা-সহ একাধিক প্রকল্পের টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে বারবার অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। এমনকী রাজভবনের বাইরে দিনের পর দিন ধর্নাতে সামিল হয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতেও বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল সাংসদরা। পাল্টা নির্বাচনের আগে কেন্দ্রের শাসক নেতারা বাংলায় এসে বারবার দুর্নীতির অভিযোগ তুলেছেন। কার্যত সেকারণেই এবার কোমর বেঁধে ময়দানে নামছে তৃণমূল।

#NITIAayog 

#Latestbengalinews

#Mamatabanerjee

About Post Author