স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ অগস্ট: অলিম্পিক্সে সোনা জয়ের স্বপ্ন পূর্ণ করলেন নোভাক জোকোভিচ । রবিবার পুরুষদের সিঙ্গলসের ফাইনালে তিনি হারিয়ে দিলেন স্পেনের কার্লোস আলকারাজকে। টানটান লড়াইয়ের শেষে সার্বিয়ার তারকা জিতলেন ৭-৬, ৭-৬ ব্যবধানে। দুটি সেটেই খেলা গড়ায় টাইব্রেকারে।

Paris Olympics 2024 :গ্রেট ব্রিটেনকে হারিয়ে ভারত হকির সেমিফাইনালে
বিশ্বের সব প্রথম সারির গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেয়েছেন জোকোভিচ । কিন্তু জেতা হয়নি অলিম্পিক্স। আগে পাঁচবার চেষ্টা করলেও সফল হননি। কিন্তু ষষ্ঠ বারে বাজি মারলেন জোকার। জিতে নিলেন অলিম্পিক্সের ঐতিহ্যশালী স্বর্ণপদকটি। বিশ্বের পঞ্চম টেনিস খেলোয়াড় হিসেবে জিতে নিলেন গোল্ডেন স্ল্যাম অর্থাৎ চারটি গ্র্যান্ড স্ল্যাম ও অলিম্পিক্স প্রতিযোগিতায় সোনা। এর আগে এই কৃতিত্ব ছিল রজার ফেডেরার, রাফায়েল নাদাল, আন্দ্রে আগাসি ও স্টেফি গ্রাফের দখলে।
বর্তমান প্রজন্মের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ। টেনিস জীবনে জিতেছেন মোট ২৪ গ্র্যান্ডস্ল্যাম। কিন্তু অলিম্পিক্স সোনাটা অধরা রয়ে গিয়েছিল। সম্ভবত এবারই শেষ সুযোগ ছিল সেই অধরা স্বপ্নপূরণের। সেটাই করে দেখালেন সার্বিয়ার ৩৭ বছরের তারকা। যদিও কাজটি সহজ ছিল না। দ্বিতীয় রাউন্ডে তাঁর প্রতিদ্বন্দ্বিতা হয় লাল মাটির রাজা রফায়েল নাদালের সঙ্গে। কিন্তু ‘বৃদ্ধ রাজা’ তাঁর সামনে টিকতে পারেননি। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিলেন গ্রিসের স্টেফানোস চিচিপাসের। সেখানেও অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন জোকার। আর ফাইনালে হারিয়ে দিলেন কার্লোস আলকারাজকে।
এক মাসের ব্যবধানে দ্বিতীয় ফাইনালে মুখোমুখি হয়েছিলেন দুই প্রতিদ্বন্দ্বী। হাঁটুর ব্যথায় কাবু জোকোভিচকে হারিয়ে উইম্বলডনে সেরার শিরোপা পেয়েছিলেন স্পেনের টেনিস তারকা। কিন্তু অলিম্পিক্সে সেই হারের বদলা নিলেন জোকোভিচ। যদিও বেশ ঘাম ঝরাতে হল অভিজ্ঞ এই টেনিস তারকাকে। প্রথম সেটের লড়াই শেষ হল ৯৪ মিনিটে। টাইব্রেকারে ৩-৩ অবস্থা থেকে টানা চারটি পয়েন্ট পেয়ে সেটের দখল নেন জোকোভিচ। দ্বিতীয় সেটও গড়ায় টাইব্রেকারে। যেখানে ২-২ থেকে ৬-২ করে ম্যাচ জিতে নেন জোকোভিচ।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে