স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৮ অগস্টঃ ডুরান্ড কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে জয় পেল মোহনবাগান । বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় বায়ুসেনাকে হারাল তারা। সবুজ মেরুন ব্রিগেড জয় পেল ৬-০ গোলে। দলের হয়ে জোড়া গোল করলেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেসন কামিংস।

আরও পড়ুনঃ Sri Lanka vs India : ২৭ বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে হার ভারতের
মোহনবাগানের দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল কোচ মোলিনার প্রথম ম্যাচ। সেই ম্যাচে সসম্মানে উত্তীর্ণ হলেন সবুজ মেরুনের স্প্যানিশ কোচ। প্রতিপক্ষ দুর্বল বায়ুসেনা হলেও এই ম্যাচের দিকে নজর ছিল বাগান সমর্থকদের। কারণ এদিন ক্লাবের জারিসে অভিষেক হল আপুইয়া, আলবার্তো রড্রিগেজ, গ্রেগ স্টিওয়ার্টদের। চার মিনিটের মাথায় গোলের দেখা পায় মোহনবাগান । বায়ুসেনার রক্ষণের ভুলে গোল করেন জেসন কামিংস। দ্বিতীয় গোলের জন্য মোহনবাগানকে অপেক্ষা করতে হয় মাত্র দুই মিনিট। লিস্টনের নেওয়া ফ্রি-কিক থেকে রিবাউন্ড শটে গোল করে যান নতুন বিদেশী আলড্রেড। তৃতীয় গোলটি করেন লিস্টন নিজেই। সাহাল আব্দুল সামাদের ঠিকানা লেখা পাস থেকে গোল করে ৩-০ করেন তিনি। বিরতির আগে ব্যবধান বাড়ানোর সুযোগ থাকলেও স্কোরবোর্ড অপরিবর্তিত থাকে।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁজ বজায় রাখে ম্যারিনার্সরা। দ্বিতীয়ার্ধে মোহনবাগান জার্সিতে অভিষেক হয় দলের আর এক ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজের। টম আলড্রেডের পরিবর্তে তাঁকে মাঠে নামান বাগান কোচ। এদিন যদিও কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়নি দীর্ঘদেহী এই ডিফেন্ডারকে। ৬২ মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নামেন অনিরুদ্ধ থাপা। নেমেই গোল পেলেন জাতীয় দলের মিডফিল্ডার। সামাদ-কোলাসো-থাপার যগলবন্দীতে গোল করেন তিনি। ৭৬ মিনিটে মনবীরের বাড়ানো পাস থেকে দলের পঞ্চম গোলটি করেন কামিংস। শেষের দিকে স্টিওয়ার্টকেও নামিয়ে দেন মোহনবাগান কোচ। মোহনবাগানের হয়ে প্রথম ম্যাচেই গোল পেলেন তিনিও। কামিংসের সঙ্গে পাস খেলে বক্সে ঢুকে বাঁ-পায়ের শটে গোল করেন তিনি। শেষ পর্যন্ত ৬-০ গোলে জিতে মাঠ ছাড়ে মোহনবাগান। দলের এই জয় গ্যালারি থেকে উপভোগ করলেন দলের আরও দুই বিদেশী দিমিত্রি পেত্রাতোস ও জেমি ম্যাকলারেন। এই জয়ের সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেল মোহনবাগান। দুই ম্যাচে তাদের পয়েন্ট ৬। গোল পার্থক্যে পিছনে ফেলল চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে। আগামী ১৮ অগস্ট ডুরান্ড কাপের ফাইনালে লালহলুদের বিরুদ্ধে খেলতে হবে মোহনবাগানকে। বৃহস্পতিবার গ্যালিরতে বসে মোহনবাগানের খেলা দেখলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতও। মোহনবাগানের পারফরম্যান্স দেখার পর কিছুটা চিন্তা নিয়েই যে তাঁকে ফিরতে হবে এবিষয়ে কোনও সন্দেহ নেই।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে