সময় কলকাতা ডেস্ক, ১১ আগস্ট : আরজিকর হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। শুক্রবার থেকেই দফায় দফায় চলছে বিক্ষোভ-প্রতিবাদ। শুক্রবার থেকে কর্মবিরতিতে নেমেছেন জুনিয়র চিকিৎসক ও পড়ুয়ারা। শনিবারও রাজ্যের প্রায় সমস্ত হাসপাতালের চিকিৎসকরাই বিক্ষোভে সামিল হয়েছিল।আরজিকর হাসপাতালের ওই তরুণী চিকিৎসকের হত্যার পর বারবার নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার পর থেকেই প্রশ্ন উত্তর শুরু করেছে কেন মেডিকেল কলেজ গুলিতে রেস্টরুমের ব্যবস্থা থাকবে না। এসবের মাঝেই এবার আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সমস্ত স্টাফেদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। এই মর্মে একটি নির্দেশ দিয়েছে হাসপাতালের মেডিক্যাল সুপার তথা ভাইস প্রিন্সিপ্যাল। সেখানে বলা হয়েছে, আগে যে ছুটিগুলির অনুমোদন দেওয়া হয়েছিল সেগুলি বাদ দিয়ে নতুন করে কোনও ছুটির অনুমোদন মিলবে না। বর্তমান পরিস্থিতিতে এই নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে, স্বাস্থ্য দপ্তরের তরফে আরজিকর মেডিক্যাল কলেজের সুপারকে সঞ্জয় বশিষ্ঠকে অপসারণ করা হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে বুলবুল মুখোপাধ্যায়কে।
এদিকে, নৃশংস এই ঘটনার পর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন। শনিবার নবান্নে বসে উচ্চ-পর্যায়ের বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম,চন্দ্রিমা ভট্টাচার্য , মুখ্যসচিব বিপি গোপালিকা ,রাজ্য পুলিশের ডিজি সহ শীর্ষ কর্তারা। জানা গিয়েছে, এবার থেকে আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ও নার্সদের থাকার জন্য অ্যানেক্স বিল্ডিং তৈরি করবে রাজ্য সরকার। নির্মাণ কাজ শুরু করতে দ্রুত আরজি কর যাচ্ছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। পাশাপাশি প্রতিটি মেডিক্যাল কলেজে নিরাপত্তা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বেলগাছিয়া ট্রাম ডিপোতে আরজি কর হাসপাতালের হস্টেলের জন্য জমি দেবে নবান্ন। সেখানে তৈরি হবে বিল্ডিং। ওই বিল্ডিংয়ের একটা ফ্লোর নির্যাতিতা ডাক্তার ছাত্রীর স্মৃতিতে করা হবে। তবে যেহেতু নির্যাতিতার নাম সামনে আনা সম্ভব নয়, তাই কী নামে হবে সেটা আলোচনা করে ঠিক হবে। এদিন অন্যান্য সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা নিয়েও বৈঠকে আলোচনা হয়। সূত্রের খবর, হাসপাতালের প্রতিটা ইন ও আউট গেটে সিসিটিভি বাড়ানো হবে। হাসপাতালের প্রতি গেটের নিরাপত্তা বাড়ানো হবে। হাসপাতালগুলিতে প্রয়োজন মত সিসিটিভিও বাড়ানো হবে বলে খবর।
#RGKARHospital
#Latestbengalinews


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা