Home » মুখ্যমন্ত্রীর দাবিকে সামনে রেখে আরজিকর নিয়ে সরব কাকলি ঘোষ দস্তিদার

মুখ্যমন্ত্রীর দাবিকে সামনে রেখে আরজিকর নিয়ে সরব কাকলি ঘোষ দস্তিদার

সময় কলকাতা ডেস্ক, ১৭ অগাস্ট :আর জি কর হাসপাতাল কাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনে দোষীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির জন্য রবিবার পর্যন্ত সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই তদন্তভার চলে যায় সিবিআই-এর হাতে। মুখ্যমন্ত্রী নিজে মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হেঁটেছেন শুক্রবার, দোষীদের ফাঁসির শাস্তিতে দাবিতে অটল থেকেছেন। বলেছেন, রবিবারের মধ্যে তদন্তের কাজ শেষ করে দোষীদের শাস্তি বিধানের প্রক্রিয়া করতে হবে। তিনি আহ্বান করেছিলেন শনিবার ব্লকে ব্লকে তৃণমূল নেতা -কর্মীদের প্রতিবাদ মিছিলের। উত্তর ২৪ পরগনা জেলায় এরকমই একটি প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিলেন স্বয়ং সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। চিকিৎসক সাংসদ কেবলমাত্র সংসদে দেশব্যাপী নারী নির্যাতনের বিরুদ্ধে সরব হন তাই নয়, নিজের রাজ্যে নারী নির্যাতনের বিরুদ্ধে পথে নেমে মুখ্যমন্ত্রীর দাবির পুনরাবৃত্তি করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে সামনে রেখে রবিবারের মধ্যেই অপরাধীদের চিহ্নিত করে জাস্টিস বা সুবিচার চাইলেন মহিলা চিকিৎসকের হয়ে। আদ্যপান্ত চিকিৎসক পরিবার থেকে আসা সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি তাঁর চিকিৎসক পুত্রের মতই দীর্ঘদিন ধরে চিকিৎসা ক্ষেত্রে ঘুঘুর বাসার বিরুদ্ধে প্রতিবাদী। তিনি বললেন, বাম আমল থেকেই আরজিকর হাসপাতালে রয়েছে ঘুঘুর বাসা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি মনে করিয়ে দিলেন তাঁর ছেলেকে বাম আমলে আর জি কর হাসপাতালে বিভিন্ন রকম অসুবিধার সামনে পড়তে হয়েছে। পাশাপাশি পোড় খাওয়া সাংসদ কাকলি ঘোষ দস্তিদার মনে করিয়ে দিতে ভুললেন না বিরোধীরা ঘোলা জলে মাছ ধরতে চাইলেও রাজ্য পুলিশ তাদের কাজ করে চলেছে। রাত দখল করো – মহিলা জাগরণের রাতে, এত মানুষের ভিড় সামাল দেওয়ার পর্যাপ্ত সংখ্যায় পুলিশ না থাকায় দুষ্কৃতীরা ভাঙচুর চালিয়েছে। কেউ যে ছাড়া পাবে না, জানিয়ে দিলেন বারাসাতের চারবারের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

শনিবার দুপুরে বারাসাত ও মধ্যমগ্রাম শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয়েছিল । এদিন শতাধিক তৃণমূল নেতা -কর্মী-সমর্থক বারাসাত ডাকবাংলা মোড় থেকে মধ্যমগ্রাম পর্যন্ত মৌন মিছিল করে। জমায়েতে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলার পরে দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে মৌন পদযাত্রা শুরু হয়। মিছিল শুরুর আগেই সংবাদ মাধ্যমের সামনে দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এমনই দাবি তোলেন কাকলি ঘোষ দস্তিদারও । সেজন্য মুখ্যমন্ত্রীর পথ ধরে রবিবারের মধ্যে সিবিআই কে তদন্তের কাজ শেষ করতে হবে দাবি সাংসদের। মহিলা চিকিৎসকের নৃশংস খুনের প্রতিবাদে প্রবীণা নেত্রী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার  দীর্ঘ পথ হেঁটে বার্তা দিলেন চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি তিনি কতটা মানবিক এবং মানুষের আন্দোলনে তিনিও আছেন।।

আরও পড়ুন “রাতটা কি শম্পারও ছিল না ? “- প্রশ্ন তুলল পুলিশ

About Post Author