স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩০ অগস্টঃ সাম্প্রতিক সময়ে টেনিস কোর্টের সব থেকে বড় অঘটন। শুক্রবার ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে হেরে গেলেন স্পেনের কার্লোস আলকারাজ। নেদারল্যান্ডসের বোটিক ভ্যান ডি জ্যান্ডসচাল্পের কাছে স্ট্রেট সেটে হারলেন প্রতিযোগিতার তৃতীয় বাছাই। আর্থার অ্যাশ স্টেডিয়ামে খেলার ফল ৬-১, ৭-৫, ৬-৪।

চলতি বছর ফরাসি ওপেন এবং উইম্বলডন ঘরে তুলেছেন একুশ বছরের আলকরাজ। ইতিমধ্যেই অনেকে তাঁকে আগামী প্রজন্মের টেনিস তারকা বলে মনে করছেন। বছরের তৃতীয় গ্র্যান্ডস্লাম ইউএস ওপেন জয়ের লক্ষ্যে নেমেছিলেন আলকারাজ। কিন্তু সেই স্বপ্ন অধরা রয়ে গেল। বিশ্বের ৭৪ নম্বর বোটিকের বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডে হারতে হল তাঁকে। আলকারাজকে হারিয়ে বোটিক বলেন, “আমার কাছে এই আনন্দ প্রকাশ করার কোনও শব্দ নেই। আমার জীবনের এটা একটা অসাধারণ রাত। এই স্টেডিয়ামে প্রথম বার রাতে খেলতে নেমেছিলাম। দুর্দান্ত দর্শকের সামনে খেলার অনুভূতি আলাদা।”
আরও পড়ুনঃ Real Madrid: লা লিগায় ফের পয়েন্ট নষ্ট রিয়াল মাদ্রিদের উত্তরণের সন্ধানে কোচ আন্সেলোত্তি
২০২১ সালের উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডে হারের মুখ দেখেছিলেন আলকারাজ। তার পর এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যামের দ্বিতীয় রাউন্ডে হারলেন তিনি। অবাছাই ডাচ টেনিস খেলোয়াড়ের সামনে প্রথম সেটে দাঁড়াতেই পারেননি আলকারাজ। দ্বিতীয় সেটে কিছুটা ম্যাচে ফেরার চেষ্টা করলেও সফল হননি। খুব শান্ত ভাবেই শক্তিশালী প্রতিপক্ষের শটগুলির জবাব দিচ্ছিলেন বোটিক। ৩৫টি নেট পয়েন্টের মধ্যে ২৮টি জিতে নেন তিনি। শেষ পর্যন্ত ম্যাচ জিতেই মাঠ ছাড়েন ডাচ টেনিস খেলোয়াড়।


More Stories
সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের