Home » Mohun Bagan: তারকা ফুটবলারের সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তি করল মোহনবাগান

Mohun Bagan: তারকা ফুটবলারের সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তি করল মোহনবাগান

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৮ সেপ্টেম্বরঃ মোহনবাগান দলের অন্যতম বিশ্বস্ত সৈনিক বিশাল কাইথ। গত কয়েক বছরে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি। সবুজ মেরুন সমর্থকদের ভরসা করে তাঁকে উড়ন্ত বাজ বলে ডাকেন। সেই বিশালের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করল মোহনবাগান। ২৮ বছরের জাতীয় দলের গোলরক্ষকের সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি করা হয়েছে।  

রবিবার ক্লাবের পক্ষ থেকে সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে বিশালের তিন কাঠির তলায় সেরা সেভের কিছু মুহূর্ত রাখা হয়েছে। ভিডিওর শেষে লেখা রয়েছে ‘বিশাল ২০২৯’। পোস্টে লেখা হয়েছে, ‘লোয়ালটির আর এক নাম বিশাল’ অর্থাৎ আনুগত্যের আর এক নাম বিশাল। অনেকে আবার এই পোস্টের মধ্যে আনোয়ারকে কটাক্ষ করার গন্ধ পেয়েছেন। মরশুম শুরুর আগে অনেকটা নাটকীয়ভাবে শিবির বদল করে  ইস্টবেঙ্গলে যোগ দেন জাতীয় দলের ডিফেন্ডার। তারপর মোহন সমর্থকদের একাংশ ফুটবলারের ক্লাবের প্রতি আনুগত্য নিয়ে সরব হয়েছিলেন। এবার বিশালের সঙ্গে চুক্তি বাড়ানোর পোস্টে সেই আনুগত্য শব্দ ব্যবহার করে আসলে মোহনবাগান প্রাক্তনীকে খোঁচা মেরেছে বলে মত অনেকের। নতুন চুক্তিতে সই করে কী বলেছেন বিশাল? তিনি জানিয়েছেন “ফুটবল জীবনের শেষ পর্যন্ত মোহনবাগানে খেলতে চাই। আমার কাছে দলের সমর্থকদের ভালোবাসা এবং আবেগ খুব দামী। তাই একাধিক ক্লাবের প্রস্তাব পেলেও এই ক্লাব ছেড়ে যাওয়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। সেই জন্যই এই রকম লম্বা চুক্তি করলাম।”

আরও পড়ুনঃ Paris Para-Olympics :প্যারালিম্পিক্সে ফের সোনা ভারতের, জ্যাভলিনে নতুন রেকর্ড নভদীপের

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: ৫ শতাংশ পেরেছেন ৪০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

২০২২ সালে চেন্নায়িন এফসি মোহন শিবিরে যোগ দেন বিশাল কাইথ। তারপর থেকে সবুজ মেরুন তিন কাঠির তলায় অত্যন্ত ভরসা যোগ্য হয়ে উঠেছেন। গত মরশুমে আইএসএল শিল্ড ও ডুরান্ড জয়ের পিছনে বিশালের অবদান অনস্বীকার্য। দুটি প্রতিযোগিতায় গঙ্গাপারের ক্লাবের হয়ে সোনার গ্লাভস জিতেছেন বিশাল। এবারও দলকে ডুরান্ড ফাইনালে তুলতে বড় ভূমিকা নিয়েছিলেন পঞ্জব তনয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। ফাইনালে হারতে হয় নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কাছে। কিন্তু তাতেও যে টিম ম্যানেজমেন্টের তাঁর প্রতি আস্থা একবিন্দুও কমেনি নতুন চুক্তিতে তা স্পষ্ট।

About Post Author