Home » UEFA Nations League: নেশনস লিগে বেলজিয়ামকে হারাল ফ্রান্স

UEFA Nations League: নেশনস লিগে বেলজিয়ামকে হারাল ফ্রান্স

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ সেপ্টেম্বর: উয়েফা নেশনস লিগে জয়ের সরণিতে ফিরল ফ্রান্স। বেলজিয়ামকে হারিয়ে পয়েন্ট তালিকায় খাতা খুললেন এমবাপ্পেরা। মঙ্গলবার খেলার দুই তৃতীয়াংশ সময় মাঠে নামতে পারেননি রিয়াল মাদ্রিদ তারকা। তবে তাঁর অনুপস্থিতি অনুভব হতেই দিলেন না সতীর্থরা। খেলার দুই অর্ধেই ফ্রান্স একটি করে গোল জড়িয়ে দিল বিপক্ষের জালে। জবাবে বেলজিয়াম গোলের খাতা খুলতে পারেনি।

আরও পড়ুন    Asian Champions Trophy Hockey: জাপানকে পাঁচ গোলের মালা পরিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির শীর্ষে ভারত

ইতালির কাছে ৭ সেপ্টেম্বর হেরে গিয়েছিল ফ্রান্স। নেশনস লিগের প্রথম ম্যাচেই পরাজয় কিছুটা ব্যাকফুটে ঠেলে দেয় ফরাসি ব্রিগেডকে। কার্যত পরবর্তী ম্যাচে রণমূর্তি ধারণ করবে শেষ দুই বিশ্বকাপের ফাইনালিস্ট মাইটি ফ্রান্স তা বোঝাই যাচ্ছিল। হলোও তাই। দ্বিতীয় ম্যাচ বেলজিয়ামের সঙ্গে খেলতে নেমে শুরুর ২৯ মিনিটে বিপক্ষের জাল কাঁপান কোলো মুয়ানি। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় ফ্রান্স।

কেভিন দি ব্রুইনের দল ম্যাচের দীর্ঘসময় বল দখলে রাখলেও ফরাসি রক্ষণ ভেঙে জোরালো আক্রমণ করতে পারেনি। ডোকু-ওপেন্দারা আক্রমণ করলেও তাতে গোল এনে দেওয়ার মত ধার ছিল না। লুকাকুর অনুপস্থিতি গভীর ভাবে প্রভাব ফেলেছে। অন্যদিকে এক গোলে এগিয়ে থাকা ফ্রান্স ৫৭ মিনিটে আবার ব্যবধান বাড়ায়। দুর্দান্ত গোল করেন উসমান দেম্বেলে। ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল সেই গোলেই। পরে ছেষট্টি মিনিটের মাথায় এমবাপ্পেকে মাঠে নামান কোচ দিদিয়ে দেশঁ। যদিও মাঠে নেমে তেমন কোনও কসরত করতে হয়নি তাঁকে। নির্ধারিত সময়ে দুই গোলেই জয় নিশ্চিত করেছে ফ্রান্স।

বেলজিমায়ের সঙ্গে ম্যাচের পর প্রথম তিন পয়েন্টের মুখ দেখল ম্যাচের আয়োজক ফ্রান্স। পয়েন্ট তালিকায় নিজের গ্রুপের দ্বিতীয় স্থানে তাঁরা। শীর্ষে রয়েছে দুটো ম্যাচেই জয়ী ইতালি, তাদের পয়েন্ট সংখ্যা ছয়। ফ্রান্সের বিরুদ্ধে হেরে তিন পয়েন্ট নিয়ে বেলজিয়াম চলে গিয়েছে তৃতীয় স্থানে।

#UEFANationsLeague

#Mbappe

About Post Author