Home » Asian Champions Trophy Hockey: জাপানকে পাঁচ গোলের মালা পরিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির শীর্ষে ভারত

Asian Champions Trophy Hockey: জাপানকে পাঁচ গোলের মালা পরিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির শীর্ষে ভারত

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৯ সেপ্টেম্বরঃ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দাপট অব্যহত ভারতের। চিনের পর জাপানকে অনায়াসে হারালেন হরমনপ্রীতরা। সোমবার ক্রেইগ ফাল্টনের ছেলেরা জিতল ৫-১ গোলে। 

জাপানকে ধরাশায়ী করতে কার্যত কোনও বেগ পেতে হয়নি ভারতকে।  প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে গিয়েছিলেন হরমনপ্রীতরা। খেলা শুরু হওয়ার এক মিনিটের মধ্যেই গোলের খাতা খোলেন তাঁরা। উইং ধরে আক্রমণে উঠে গোল করেন সুখজিৎ সিং। প্রথম গোলের পর কিছুটা চাপে পড়ে যায় জাপান। সেই সুযোগে ফের ব্যবধান বাড়িয়ে নেয় ভারত। দ্বিতীয় মিনিটেই আসে ভারতের দ্বিতীয় গোল। প্রায় একক দক্ষতায় বিপক্ষেপ রক্ষণভাগকে বোকা বানিয়ে গোল করেন অভিষেক। ২-০ ব্যবধানে পিছিয়ে আরও বেকায়দায় পড়ে যায় জাপান। প্রথমার্ধের বেশিরভাগ সময় বল ছিল তাঁদেরই অর্ধে। রক্ষণে লোক বাড়িয়েও শেষরক্ষা হয়নি। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার পায় ভারত। ১৭ মিনিটে অধিনায়ক হরমনপ্রীতের নেওয়া কর্নার থেকে ড্র্যাগ ফ্লিকে গোল করেন সঞ্জয়। প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে জাপান।

দ্বিতীয়ার্ধে ব্যবধান কমানোর চেষ্টা চালাতে থাকে জাপান। ফলও মেলে। ৪০ মিনিটের মাথায় প্রায় মাঝমাঠ থেকে বল পেয়ে ভারতের ‘ডি’তে ঢুকে পড়েন মাতসুমোতো। তাঁর নেওয়া শট যুগরাজের স্টিকে লেগে দিক পরিবর্তন করে জড়িয়ে যায় জালে। ফের তৃতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরে ভারত। আবার আগ্রাসী হকি খেলতে শুরু করে ভারতীয় দল। যদিও এই কোয়ার্টারে কোনও পক্ষই গোল করতে পারেনি। চতুর্থ কোয়ার্টারে আক্রমণের ঝাঁঝ বাড়ায় হরমনপ্রীতরা। ৫৩ মিনিটের মাথায় অভিষেক সহজ সুযোগ নষ্ট না করলে ব্যবধান বাড়াতে পারতেন অভিষেক। তাঁর নেওয়া ব্যাকহ্যান্ড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে পরের মিনিটেই সেই আক্ষেপ মিটিয়ে নেয় ভারত।  গোল করে দলের ব্যবধান ৪-১ করেন উত্তম। 

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি থাকলে নিচের ছবি দুটি থেকে ৪৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

আরও পড়ুনঃ US Open: স্ট্রেট সেটে ইউএস ওপেন জয়ী সিনার, সমালোচনাকে ছাপিয়ে দখল বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম

শেষ দিকে আবার খেলায় ফেরার চেষ্টা করে জাপান। তখন চাপে পড়ে যায় ভারত। ৫৭ মিনিটের মাথায় প্রতি আক্রমণ থেকে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোল করেন সুখজিৎ। সেই সঙ্গে পরপর দুই ম্যাচ জিতে শীর্ষে চলে গেল ভারত। হরমনপ্রীতদের পরের ম্যাচ আগামী বুধবার। প্রতিপক্ষ মালেশিয়া।

About Post Author