Home » RG Kar Case: রবিবার মহা মিছিল, প্রতীকী ‘পেন ডাউন’ সোমে, নতুন কর্মসূচির ডাক জুনিয়ার ডাক্তারদের

RG Kar Case: রবিবার মহা মিছিল, প্রতীকী ‘পেন ডাউন’ সোমে, নতুন কর্মসূচির ডাক জুনিয়ার ডাক্তারদের

সময় কলকাতা ডেস্ক, ১৫ সেপ্টেম্বর:  আরজি কর কাণ্ডের পর কেটে গিয়েছে এক মাসেরও বেশি। তদন্তভার ইতিমধ্যেই  নিয়েছে সিবিআই। আদালতে হয়ে গিয়েছে একাধিক শুনানি। তবু এখনও বিচারের দাবিতে রাস্তায় বসে জুনিয়ার ডাক্তাররা। এবার তাঁদের নয়া কর্মসূচি ‘পেন ডাউন’। মঙ্গলবার সুপ্রিম কোর্টে ‘অভয়া’ মামলার শুনানির আগে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন জুনিয়ার ডাক্তাররা। আন্দোলন মজবুত করতে দেশজুড়ে রোগীদের সামনেই প্রতীকী ‘পেন ডাউন’ করবেন তাঁরা। এছাড়াও আউটডোরে গড়বেন মানবশৃঙ্খল।

আরও পড়ুনঃ জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

গত কয়েকদিন ধরেই  রোদ-বৃষ্টির তোয়াক্কা না করে স্বাস্থ্যভবনের সামনে ধর্নায় বসে আছেন জুনিয়র ডাক্তাররা। দাবি একটাই আরজি করের সুবিচার, দোষীদের শাস্তি। ইতিমধ্যে প্রমাণ লোপাটের অভিযোগে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই দুই অভিযুক্তের গ্রেফতারির খবর পেয়ে আন্দোলনকারীরা আরও উজ্জীবিত হয়ে উঠেছেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির আগেই পর পর দু’দিন দুটি নতুন কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্টবেঙ্গল। রবিবার হবে মহামিছিল ও সোমবার প্রতীকী ‘পেন ডাউন’ করবেন তাঁরা। গোটা দেশেই এই কর্মসূচি চলবে। চিকিৎসকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষকেও এই মহা মিছিলে যোগদানের আহ্বান জানিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। রবিবারের মিছিল শুরু হবে বিকেল চারটে নাগাদ। সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্যভবন পর্যন্ত। ‘হোক না বৃষ্টি, হোক না ঝড়। বিচার চাইছে আরজি কর’ শ্লোগানে মুখরিত হবে রাজপথ।

আরও পড়ুনঃ RG Kar Doctor Rape-Murder Case: “কলকাতা পুলিশ হায় হায়”, সিজিও কমপ্লেক্স থেকে বের করতেই অভিজিৎকে লক্ষ্য করে স্লোগান বিক্ষুদ্ধ জনতার

শনিবার মুখ্যমন্ত্রী ধর্নামঞ্চে গিয়ে কথা বলেছিলেন জুনিয়ার ডাক্তারদের সঙ্গে। তবে তাতে বরফ গলেনি। নিজেদের অবস্থানে অনড় ডাক্তাররা জানিয়ে দিয়েছেন তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে রাজি, তবে রাস্তায় বসে আন্দোলন যেমন চলছে চলবে। এবার পেন ডাউনের কর্মসূচি আন্দোলনে নতুন করে অক্সিজেন জোগাবে মত অনেকের। জুনিয়র ডাক্তারদের মহা মিছিল ছাড়াও রবিবার ফের রয়েছে রাত দখলের কর্মসূচি। রাজ্যের বিভিন্ন জেলায় মহিলারা দলে দলে রাস্তায় নামবে। এরপর মঙ্গলবার এই মামলায় কী  রায় দেবে দেশের শীর্ষ আদালত সে দিকেই তাকিয়ে গোটা দেশ।

About Post Author