Home » Mohun Bagan: দল জিতলেও স্বস্তি নেই বাগান শিবিরে, চিন্তা বাড়াচ্ছে রক্ষণ

Mohun Bagan: দল জিতলেও স্বস্তি নেই বাগান শিবিরে, চিন্তা বাড়াচ্ছে রক্ষণ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ সেপ্টেম্বর: ইন্ডিয়ান সুপার লিগে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেয়েছে মোহনবাগান। ডুরান্ড ফাইনালে নর্থ ইস্টের বিরুদ্ধে ঘরের মাঠে হারের মধুর প্রতিশোধ নিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু দল জিতলেও স্বস্তি নেই বাগান শিবিরে। কারণ, প্রতি ম্যাচে গোল হজম করতে হচ্ছে গত বারের লিগ শিল্ড জয়ীদের। ডুরান্ড কাপের ফাইনালে জোড়া গোলে এগিয়ে গিয়েও ম্যাচ হারতে হয়েছে রক্ষণের দুর্বলতায়। সেই রোগ আইএসএলেও সারেনি। প্রথম দুই ম্যাচে ৪ গোল হজম করতে হয়েছে।

আরও পড়ুন   আরজিকর কাণ্ডে এবার CBI-র হাতে আসল সিএফএসএল রিপোর্ট, কোর্টের অনুমতিতে খোলা হবে রিপোর্ট

এই পরিস্থিতিতে রক্ষণ নিয়ে উদ্বিগ্ন মোহন কোচ হোসে মলিনা। নর্থ ইস্টের বিরুদ্ধে জোড়া গোল হজম নিয়ে মোহন কোচ জানিয়েছেন, “এই ম্যাচেও দল দুটি গোল হজম করেছে। যা ভাল লক্ষণ নয়। যদিও আমাদের রক্ষণভাগ আগের ম্যাচের থেকে উন্নতি করেছে। এটা একটা ইতিবাচক দিক।” যদিও গোল খেলেও ম্যাচ জেতায় কিছুটা শান্তি পেয়েছেন স্প্যানিশ কোচ। তিনি বলেন, “জোড়া গোল হজম করলেও ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট পেয়েছি। এবার আপনারা বলুন কোনটা বেশি গুরুত্বপুর্ণ?” যদিও রক্ষণের দুর্বলতার কথা স্বীকার করে নিয়েছেন মলিনা। তিনি বলেছেন, “গোল হজম করা অবশ্যই চিন্তার বিষয়। আমরা চেষ্টা করছি আরও উন্নতি করার। রক্ষণ নিয়ে আমাদের আরও অনেক পরিশ্রম করতে হবে।”

নর্থ ইস্টের বিরুদ্ধে জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন দলের দুই বাঙালি ফুটবলার দীপেন্দু বিশ্বাস ও শুভাশিস বোস। দুবার দল পিছিয়ে পড়লে খেলায় সমতা ফেরান এই দুই বঙ্গ তনয়। ম্যাচের পর দীপেন্দুর প্রশংসা শোনা গিয়েছে মলিনার গলায়। তিনি বলেন, “প্রথম দিন থেকে খুব পরিশ্রম করছে। গোলটাও ভাল করেছে। আমি দীপেন্দুর গোলে খুশি। আমার মনে হয় ও দেশের অন্যতম সেরা সেন্টার ব্যাক। এরকম চালিয়ে গেলে খুব জলদি জাতীয় দলে সুযোগ পাবে।”

এই ম্যাচে মোহনবাগান জার্সিতে অভিষেক হল জেমি ম্যাকলারেনের। ৭৮ মিনিটে পরিবর্ত হিসেবে তাঁকে নামান মলিনা। তবে মোহন জনতার প্রিয় ‘মেক্কা’ এখনও সম্পূর্ণ সুস্থ নন। মোহন কোচ জানিয়েছেন অল্প খেলিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপারকে সুস্থ করার চেষ্টা করছেন তিনি। তবে আগের থেকে ম্যাকলরেন সুস্থ বলে জানিয়েছেন মলিনা।

#IndianSuperLeague #JamieMcLaren #DurandCupFinal

About Post Author