Home » Manchester City: চাপ বাড়ল গুয়ার্দিওলার, গোটা মরশুমের জন্য ছিটকে গেলেন ম্যানচেস্টার সিটি তারকা

Manchester City: চাপ বাড়ল গুয়ার্দিওলার, গোটা মরশুমের জন্য ছিটকে গেলেন ম্যানচেস্টার সিটি তারকা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ সেপ্টেম্বর: এখনও পর্যন্ত প্রিমিয়ার লিগে অপরাজিত। গত ম্যাচে আর্সেনালের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করলেও হারেনি ম্যানচেস্টার সিটি। দুটি পয়েন্টের থেকেও বড় ধাক্কা খেয়েছে পেপ গুয়ার্দিওলার দল। ম্যাচের মাঝপথে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার রদ্রি। প্রথমে মনে করা হয়েছিল চোট গুরুতর নয়। কিন্তু পরে দেখা যাচ্ছে ডান হাঁটুতে এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট বা এসিএল ছিঁড়ে গিয়েছে স্প্যানিশ ফুটবলারের। ফলে এই মরশুমর জন্য মাঠের বাইরে চলে গেলেন তিনি।

আরও পড়ুন  বিচারের বাণী: ইন্ডিয়া’স ডটার – নির্ভয়া

২৮ বছরের এই স্প্যানিশ ফুটবলার দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ? পরিসংখ্যান বলছে, রদ্রিকে ছাড়া মাঠে নেমে মোট ৩১ শতাংশ ম্যাচে হারতে হয়েছে সিটিজেনদের। প্রিমিয়ার লিগে ১৭৪ ম্যাচের মধ্যে মাত্র ১৯ ম্যাচে হেরেছেন তিনি। শতাংশের বিচারে যা মাত্র ১১ শতাংশ। ম্যানচেস্টার সিটির পরপর প্রিমিয়ার লিগ ও গত মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়েও বড় ভূমিকা ছিল রদ্রির। দেশের হয়ে ইউরো কাপ জয়েও নিজের অবদান রেখেছেন এই স্প্যানিশ ফুটবলার। ফলে তিনি আক্ষরিক অর্থেই হয়ে উঠেছেন স্পেন ও ম্যানচেস্টার সিটি মাঝমাঠের প্রাণভোমরা।

গত সপ্তাহে মরশুমের ঠাসা কর্মসূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন রদ্রি। এই মরশুম থেকে চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাটে বিশাল বদল এসেছে। একটি দলকে গতবারের তুলনায় অনেক বেশি ম্যাচ খেলতে হচ্ছে। তারপর রয়েছে প্রিমিয়ার লিগের ৩৮ টি ম্যাচ। ফলে একটি ম্যাচ খেলার পর পর্যাপ্ত যে বিশ্রামের প্রয়োজন হয় একজন ফুটবলারের সেটা তাঁরা পাচ্ছেন না। ক্ষোভের সুরেই স্পেনের মিডফিল্ডার জানিয়েছিলেন এরপর ফুটবলাররা ধর্মঘট শুরু করতে পারেন। পরের সপ্তাহেই চোট পেলেন ম্যান সিটির তারকা মিডফিল্ডার।

ব্রিটিশ মিডিয়া সূত্রে জানা গিয়েছে, এসিএলের কারণে এই মরশুমে তাঁর মাঠে ফেরার কোনও সম্ভাবনাই নেই। এই চোট যে কোনও ক্রীড়াবিদের জন্য দুঃস্বপ্নের। কারণ এই চোট থেকে সেরে উঠতে সময় লাগে আনুমানিক আট থেকে দশ মাস। তবে শুধু চোট সারলেই হবে না সেই ক্রীড়াবিদকে ফিটনেস ফিরে পেতে সময় দিতে হবে। সব মিলিয়ে অনেকদিন তাঁকে থাকতে হবে মাঠের বাইরে। এখন কতদিন পর রদ্রি মাঠে ফেরেন সেটাই এখন দেখার।

About Post Author