Home » স্বপ্নদ্বীপ খুনের মামলায় নতুন মোড়! অবাধে মেইন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন ১৫ জন অভিযুক্ত

স্বপ্নদ্বীপ খুনের মামলায় নতুন মোড়! অবাধে মেইন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন ১৫ জন অভিযুক্ত

সময় কলকাতা ডেস্ক, ২৮ সেপ্টেম্বর: স্বপ্নদ্বীপ খুনের মামলায় নতুন মোড়। ঘটনায় অন্যতম অভিযুক্ত যে ১৫ জনকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে ঢোকার উপরে বৃহস্পতিবার নিষেধাজ্ঞা জারি করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শুক্রবার তাঁদের হস্টেলে ঢোকার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। এখন শুধুমাত্র ক্লাস ক্লাস থাকলে তবেই মেইন ক্যাম্পাসে অবাধে ঢুকবে তাঁরা।

আরও পড়ুন: পুজোর সময় বৃষ্টির আশঙ্কা! বুধবার থেকে কল্কাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বাড়বে বৃষ্টি, উত্তরেও ভারী বর্ষণের পূর্বাভাস, কোথায় কেমন আবহাওয়া?

গত বছরের অগস্ট মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের জেরে মৃত্যু হয়েছিল এক ছাত্র স্বপ্নদ্বীপ কুণ্ডুর। বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের স্নাতক স্তরের প্রথম বর্ষের এই ছাত্র দুতলার ব্যালকনি থেকে পড়ে মারা গিয়েছিল। তাঁর রহস্যমৃত্যু নিয়ে টানা কয়েক মাস ধরে চলেছিল অনেক আইন-আদালত। ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয়ের অন্দরেই তৈরি হয়েছিল বিশেষ কমিটি। তাঁরাই ঘটনার অন্যতম অভিযুক্ত ১৫ জনের বিরুদ্ধে মেইন হস্টেলে ঢোকার উপরে ২৬ সেপ্টেম্বর একটি নিষেধাজ্ঞা জারি করেছিলেন। বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের সেই নির্দেশের বিরুদ্ধে সেদিনই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্তরা। শুক্রবার হাই কোর্ট, সেই নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিয়েছে। অৰ্থাৎ আপাতত হস্টেলে ঢুকতে এবং হস্টেলের সুযোগ-সুবিধা নিতে পারবেন ওই ১৫ জন অভিযুক্ত। তবে ক্লাস করতে যাওয়া ছাড়া অন্য সময়ে ক্যাম্পাসে ঘুরতে পারবেন না তাঁরা। কলকাতা হাই কোর্টের পরবর্তী শুনানি পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে।

আরও পড়ুন: কলকাতার ছ’টি হাসপাতালের নিরাপত্তায় চালু হল ‘রাত্তিরের সাথী’, দায়িত্বে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারেরা

প্রসঙ্গত, এর আগে গত সোমবার মোট ৩২ জন পড়ুয়াকে স্বপ্নদ্বীপ কাণ্ডে শাস্তিযোগ্য বলে শনাক্ত করেছিল যাদবপুরের অ্যান্টি-র‌্যাগিং কমিটি। ওই ৩২ জনের মধ্যে ১৭ জন অভিযুক্তর শাস্তির বিষয়ে এ দিন চিঠি পাঠানো হয়েছে। তবে আদালতে আবেদন জানানো ১৫ জনের বিরুদ্ধে এখনই কিছু করতে পারছে না কমিটি। কিছু দিন আগে এই মামলার খরচ চালাতে অর্থ সংগ্রহের জন্য মেইন হস্টেলেই বৈঠক ডেকেছিলেন অভিযুক্তরা। তারপরেই বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ ওই ১৫ জনকে হস্টেলে ঢুকতে দেবে না বলে সিদ্ধান্ত নেয়। তবে এই মামলা যেহেতু এখন হাইকোর্টে বিচারাধীন, কার্যত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোর্টের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে অবাধে ঢুকতে পারবে ১৫ জন অভিযুক্ত।

About Post Author