স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ অক্টোবরঃ ঘরের মাটিতে লজ্জার হার পাকিস্তানের। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইনিংস ও ৮৩ রানে হারলেন শান মাসুদরা। প্রথম ইনিংসে ৫৫৬ রান তুলেছিলেন তাঁরা। শতরান করেছিলেন তিন পাক ব্যাটার। বড় রানের জবাব বড় রানেই ফিরিয়ে দেয় থ্রি লায়ান্সরা। ৭ উইকেটে ৮২৩ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেন তারা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২২০ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ঘরের মাঠে ব্যাটিং সহায়ক পিচে দেড় দিন ব্যাট করতে না পেরে হারতে হল পাকিস্তানকে।

মুলতানে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক শান মাসুদ। এই পিচ যে বোলারদের বধ্যভূমি প্রথম দিনেই টের পাওয়া গিয়েছিল। প্রথম ইনিংসে অনায়াসে রান তোলে মাসুদ ব্রিগেড। ওপেনার আব্দুল্লা শাফিক (১০২), অধিনায়ক মাসুদ (১৫১) ও লোয়ার অর্ডারে সলমন আঘা (১০৪) শতরান করেন। ইংল্যান্ডের বোলাররা বিশেষ সুবিধে করতে পারেননি। ৫৫৬ রান করে পাকিস্তান। পিছিয়ে ছিল না ইংল্যান্ড। বড় রানের জবাবে তারাও রানের পাহাড়ে পৌঁছে যায়। সফরকারী দলের হয়ে ত্রিশত রান করেন হ্যারি ব্রুক (৩১৭)। তাঁকে সঙ্গ দেন জো রুট। ২৬২ রান তোলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। জ্যাক ক্রলি, বেন ডাকেটরা শতরান না পেলেও উল্লেখযোগ্য অবদান রাখেন। পাকিস্তানের হয়ে ছয়জন হজম করেন একশোর বেশি রান। চতুর্থ দিনে ইনিংস ছাড়ে ইংল্যান্ড।
আরও পড়ুনঃ Brazil: পিছিয়ে পড়েও শেষ মিনিটের গোলে স্বস্তির জয় ব্রাজিলের
ব্যাটিং সহায়ক পিচে এক-দেড়দিনের মধ্যে দশ উইকেট দরকার ছিল ইংল্যান্ডের। তখন অনেকেই মনে করেছিলেন ম্যাচ ড্র শুধু সময়ের অপেক্ষা। কিন্তু বল হাতেও আগ্রাসন দেখালেন অ্যাটকিন্সন, ওকস, লিচরা। ৮২ রানের মধ্যে ৬ উইকেট নিয়ে পাক ব্রিগেডকে চাপে ফেলে দেন তাঁরা। শেষের দিকে সলমন আঘা ও আমির জামাল কিছুটা লড়াই দিলেন। প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংসে ৬৩ রান করেন সলমন। তবে তিনি ফিরতেই ম্যাচের দেওয়াল লিখন স্পষ্ট হয়ে যায়। শেষ পর্যন্ত জামাল ৫৫ রানে অপরাজিত থাকলেও ম্যাচ বাঁচাতে পারেননি। একাই চার উইকেট নেন ইংরেজ স্পিনার জ্যাক লিচ। দুটি করে উইকেট পেয়েছেন ইডন কার্স এবং গুস অ্যাটকিনসন। ওকসের ঝুলিতে যায় এক উইকেট। অসুস্থ থাকায় ব্যাট করতে পারেননি আবরার আহমেদ। প্রত্যাশামত ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ব্রুক।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া