Home » মুম্বাই পথরোষ : পরিবারের সামনে যুবককে পিটিয়ে খুন

মুম্বাই পথরোষ : পরিবারের সামনে যুবককে পিটিয়ে খুন

সময় কলকাতা ডেস্ক, ১৫ অক্টোবর : যুবককে পিটিয়ে খুন । মুম্বাইয়ে প্রকাশ্য রাস্তায় মধ্যযুগীয় বর্বরতার ঘটনা। পিটিয়ে মেরে ফেলা হল এক যুবক বাইক আরোহীকে।

রাস্তার বিবাদ ও উত্তেজনা  এবং গণপিটুনি। অটো রিক্সার সঙ্গে বিবাদের জেরে  পরিবারের সামনে পিটিয়ে মারা হল মহারাষ্ট্র নব নির্মাণ সেনার কর্মী আকাশ মাইনকে। সম্মিলিত হামলায়  তার অন্তঃসত্ত্বা স্ত্রীরও দুর্ভাগ্যজনকভাবে গর্ভপাত ঘটে বলেই সূত্রের খবর। ন’মাস আগে আকাশ মাইন বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন।২৮ বছর বয়সী  আকাশ মাইন বাইকে করে স্ত্রীকে নিয়ে একটি গাড়ির শোরুম থেকে ফেরার সময় অটো রিক্সার সঙ্গে সংঘর্ষ ঘটে। অতঃপর শুরু হয় বিবাদ। অটোরিকশাচালক ডেকে আনেন প্রায় ১৫ জনের একটি দলকে যারা এসে আকাশের উপরে চড়াও হয় এবং বেধড়ক মারধর শুরু করে।

প্রযুক্তি কর্মী আকাশকে  মারধর করার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছে যান তাঁর মা দীপালি এবং বাবা দত্তাত্রেয়। দুজনে আক্রমণকারীদের বাধা দিতে চেষ্টা করলে আকাশের বাবাকে মারধর করতে শুরু করা হয়। অন্যদিকে, আকাশের মা জানান  তিনি মানব প্রাচীর হয়ে ছেলের বুকের ওপরে শুয়ে পড়েন। সমগ্র ঘটনাটি  ভাইরাল হওয়া ভিডিওতে প্রকাশ পেয়েছে(ভাইরাল ভিডিও সহ ঘটনার সত্যতা যাচাই করেনি সময় কলকাতা )। তবে আকাশের মায়ের অভিযোগ, অনেকেই ভিডিও করছিলেন কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে আসেননি।

এই ঘটনা চলার ফাঁকে পুলিশকে ১০০ নাম্বারে ডায়াল করে ডাকা হলে পরিস্থিতি শান্ত হয়। পুলিশে এসেই দুজনকে গ্রেফতার করে। আকাশকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো সম্ভবপর হয়নি। সিসিটিভি ফুটেজ থেকে অপরাধীদের চিহ্নিত করে পরে আরও সাতজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, আকাশ মাইন বিবাদের শুরুতেই  অটো রিকশাচালককে আক্রমণ করে যার পরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। নজনকে খুনের দায়ে আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।।

আরও পড়ুন : প্রেসিডেন্সি জেলে সিবিআই, জেরার মুখে পার্থ

About Post Author