Home » SUPREME COURT ON CENTRAL TASK FORCE: ‘জাতীয় টাস্ক ফোর্সের কাজের অগ্রগতি হয়নি’ আরজি কর কাণ্ডে সুপ্রিম নিশানায় কেন্দ্রন

SUPREME COURT ON CENTRAL TASK FORCE: ‘জাতীয় টাস্ক ফোর্সের কাজের অগ্রগতি হয়নি’ আরজি কর কাণ্ডে সুপ্রিম নিশানায় কেন্দ্রন

সময় কলকাতা ডেস্ক, ১৫ অক্টোবরঃ  আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টের নিশানায় কেন্দ্র। জাতীয় টাস্ক ফোর্সের কাজের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলল দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। মঙ্গলবার শুনানিতে এই নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডের ষষ্ঠ শুনানি ছিল মঙ্গলবার। এ দিন সেই শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, আরজি কর কাণ্ডের পর গঠিত হওয়া কেন্দ্রীয় টাস্ক ফোর্সের কাজে কোনও বিশেষ অগ্রগতি দেখা যায়নি। এবিষয়ে সিবিআইয়ের তরফে হাজির সলিসিটর জেনারেল তুষার মেহতার উদ্দেশ্যে কিছু প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। প্রথমত তিনি জানতে চান, ‘জাতীয় টাস্ক ফোর্সের অবস্থান ঠিক কী?’ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় দিশা দেখাতে পারে এমন কোনও কাজের অগ্রগতি হয়েছে কিনা প্রশ্ন তোলেন তিনি।  

এই প্রশ্নের জবাবে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, গত ৯ সেপ্টেম্বর জাতীয় টাস্ক ফোর্সের সর্বশেষ বৈঠক হয়েছিল। তখন প্রধান বিচারপতি বলেন, ৯ সেপ্টেম্বর থেকে আজকের দিন পর্যন্ত তাদের কাজ কতদূর এগিয়েছে? যার উত্তরে মেহতা জানিয়েছেন, টাস্ক ফোর্সের কাজ দীর্ঘমেয়াদি। তারপরেই প্রধান বিচারপতি কার্যত নির্দেশ দেন, ‘এনটিএফ যেন তাদের কাজ দ্রুত শেষ করতে পারে।’   

আরও পড়ুনঃ  কার্যকর হবে না ১৬৩, ‘দ্রোহের কার্নিভাল’ করার পক্ষে রায় দিল হাইকোর্ট

আরজি কর কাণ্ডের জেরে আন্দোলনে সামিল হয়েছেন গোটা দেশের চিকিৎসকেরা। এই আবহে গত ২০ অগস্ট জাতীয় পর্যায়ে টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি সুনিশ্চিত করার পাশাপাশি কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত, সেই নিয়ে নিজেদের মতামত জানানোর নির্দেশ দেওয়া হয় টাস্ক ফোর্সকে। সর্বভারতীয় ক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে জাতীয় টাস্ক ফোর্স গঠন করা হয়। অন্তর্বর্তী রিপোর্ট জমা দেওয়ার জন্য এনটিএফকে তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। হাসপাতাল চত্বরে নিরাপত্তাকর্মীদের পোস্টিং, প্রবেশপথে ব্যাগেজ স্ক্রিনিং, যৌন হেনস্থা প্রতিরোধ-সহ একাধিক বিষয়ে হাসপাতালগুলিকে পরামর্শ দেবে এনটিএফ। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার ষষ্ঠ শুনানিতে সেই জাতীয় টাস্ক ফোর্সের কাজের অগ্রগতি নিয়ে কেন্দ্রকে দুষল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ, দ্রুত যেন এনটিএফ সব কাজ সম্পূর্ণ করে।

About Post Author