সময় কলকাতা ডেস্ক, ১৯ অক্টোবর: সমাজ মাধ্যমে করা একটি পোস্টের মাধ্যমে কংগ্রেস সুপ্রিমো রাহুল গান্ধীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ওড়িয়া অভিনেতার বিরুদ্ধে। এদিন কংগ্রেসের ছাত্র সংগঠন, ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া ওড়িশার অভিনেতা বুধাদিত্যের বিরুদ্ধে মামলা করেছে। জানা গিয়েছে অভিযুক্ত ক্ষমা চাইলেও মামলা প্রত্যাহার করতে রাজি নয় কংগ্রেসের ছাত্র সংগঠন (NSUI)।
কংগ্রেসের ছাত্র সংগঠন অভিযোগ এনেছে, বুধাদিত্য সমাজমাধ্যমে রাহুল গান্ধীকে হত্যার হুমকি দিয়েছেন। এই মর্মে শুক্রবার থানায় অভিযোগ দায়ের করেছেন NSUI এর সভাপতি সভাপতি উদিত প্রধান। তাঁর অভিযোগের ভিত্তিতেই বুধাদিত্যের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। কংগ্রেস ছাত্রনেতা জানিয়েছেন, বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর একটি সোশাল মিডিয়া পোস্টে অভিনেতা লেখেন, “বিষ্ণোই গ্যাংয়ের পরবর্তী টার্গেট হওয়া উচিত রাহুল গান্ধী।” এই মন্তব্যের জেরেই ফুঁসে উঠেছে হাত শিবির। দলপ্রধানের বিরুদ্ধে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য মেনে নিতে নারাজ তাঁরা।
আরও পড়ুন: ইএসআই হাসপাতালে আগুন: এক রোগীর মৃত্যু, কী বললেন হাসপাতাল সুপার?
ওড়িয়া অভিনেতা বুধাদিত্য মোহান্তির করা ওই সোশাল মিডিয়া পোস্টের স্ক্রিনশটও জমা দেন কংগ্রেস ছাত্রনেতা উদিত প্রধান। তবে ইতিমধ্যে বিতর্কিত পোস্টটি সমাজ মাধ্যম থেকে মুছে ফেলেছেন মোহান্তি। এই নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। পুলিশের কোনও পদক্ষেপ নেওয়ার আগেই পোস্টটির জন্যে ক্ষমা চেয়ে আরও একটি পোস্ট করেছেন অভিনেতা। সেখানে তিনি লিখেছেন, “রাহুল গান্ধী সংক্রান্ত আমার শেষ পোস্টটি তাঁকে অবজ্ঞা… ক্ষতি করার উদ্দেশ্যে ছিল না… তাঁর বিরুদ্ধে কিছু লিখিওনি। এর পরেও অযাচিত ভাবে কারও ভাবাবেগে আঘাত লেগে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।”


More Stories
দিল্লির রাজস্থান বধ
হাতির হামলায় যুবকের মৃত্যু
গোঘাটে তৃণমূল নেতা খু*ন