স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ অক্টোবরঃ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ পেল নতুন চ্যাম্পিয়ন। প্রতিযোগিতার নবম সংস্করণে বিজয়ী হল নিউজিল্যান্ড। রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল তারা। মহিলা কিউয়ি ব্রিগেড জিতল ৩২ রানে।

চলতি বছরের ২৯ জুন পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হারতে হয়েছিল। বার্বাডোজের জ্বালা কিছুটা মিটিয়ে নেওয়ার সুযোগ ছিল দুবাইয়ে। কিন্তু ২০ অক্টোবর মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও হেরে গেল দক্ষিণ আফ্রিকা। মহিলা প্রোটিয়া ব্রিগেডকে হারিয়ে প্রথমবারের জন্য বিশ্বকাপ জয়ের স্বাদ পেল নিউজিল্যান্ড। দুই ফরম্যাটেই পুরুষদের বিশ্বকাপ কখনও জিততে পারেনি তারা। ২০২১ সালে ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ঘরে তুলেছিলেন কেন উইলিয়মাসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড। তারপর আবারও আইসিসির কোনও ট্রফি জিতল স্যার রিচার্ড হেডলির দেশ। রবিবার টসে জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৮ রান তুলেছিলেন সোফি ডিভাইনরা। তিন নম্বরে দলের হয়ে সর্বোচ্চ রান করেন আমেলিয়া কার। ৩৮ বলে ৪৩ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। ওপেনার সুজি বেটস করেন ৩১ বলে ৩২ রান। এ ছাড়া মিডল অর্ডারে ব্রুক হ্যালিডে ২৮ বলে ৩৮ রান করে দলকে ১৫০ রানের পথে নিয়ে যান।
আরও পড়ুনঃ Premier League: চেলসিকে হারিয়ে লিগ শীর্ষে লিভারপুল
জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে দক্ষিণ আফ্রিকা। প্রথম পাওয়ার প্লে-তে খুব দ্রুত রান তুলছিলেন দুই ওপেনার। একটা সময় মনে হয়েছিল, চোকার্স তকমা মুছে প্রথমবার আইসিসি ট্রফি ঘরে তোলা প্রোটিয়াদের কাছে স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু সপ্তম ওভারে ওপেনার তাজমিন ব্রিটস ১৮ বলে ১৭ রানে ফিরতেই চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। রানের গতি এক ধাক্কায় অনেকটা কমে যায়। পরের দুই ওভারে ওঠে মাত্র আট রান। চাপের মুখে আউট হয়ে ফেরেন অন্য ওপেনার লরা উলভার্ট। প্রোটিয়া অধিনায়ক করেন ২৭ বলে ৩৩ রান। তিনি ফিরতেই তাসের ঘরের মত ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডার। বোলিং ও ফিল্ডিং বিভাগে প্রতিপক্ষকে টেক্কা দেয় নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১২৬ রানে থেমে যায় প্রোটিয়াদের ইনিংস। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও সফল হন আমেলিয়া তুলে নেন তিনটি উইকেট। ফাইনালের ও প্রতিযোগিতার সেরাও তিনি।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে