স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ অক্টোবর: প্রিমিয়ার লিগে ছুটছে লিভারপুলের বিজয় রথ। রবিবার নিজেদের ঘরের মাঠ অ্যানফিল্ডে তারা হারিয়ে দিল চেলসিকে। আর্নে স্লটের শিষ্যরা ম্যাচ জিতল ২-১ গোলে। প্রথমার্ধে গোল করে অল রেডসদের এগিয়ে দিয়েছিলেন মহম্মদ সালাহ। দ্বিতীয়ার্ধের শুরুতে সেই গোল শোধ করে দেয় চেলসি। কিন্তু বেশিক্ষণ ব্যবধান ধরে রাখতে পারেনি নীল জার্সিধারীরা। তিন মিনিট পরেই গোল করে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন কার্টিস জোনস।এই জয়ের ফলে আট ম্যাচ পর লিগ শীর্ষে লিভারপুল।

আরও পড়ুন: East Bengal Vs Mohun Bagan: হাড্ডাহাড্ডির লড়াই করে ডার্বি জয় মোহনবাগানের, হেরেই চলেছে ইস্টবেঙ্গল
মরশুমের শুরুতে লিভারপুল ছেড়েছিলেন জার্মান কোচ জুরেগন ক্লপ। ক্লাবের ইতিহাসে অন্যতম সফল কোচ ছিলেন তিনি। তাঁর প্রশিক্ষণে বহুবছর পর প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়েছিল অল রেডরা। স্বভাবতই ক্লপের প্রস্থান মেনে নিতে পারেনি অনেক সদস্য সমর্থক। নতুন কোচকে নিয়েও সন্দিহান ছিলেন অনেকে। তবে প্রথম মরশুমে নিজেকে প্রমাণ করছেন আর্নে স্লট। তাঁর প্রশিক্ষণে ১১ ম্যাচের মধ্যে ১০ ম্যাচেই জয় পেল স্কাউসার্সরা। ২৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে দিয়েছিলেন মহম্মদ সালাহ। বিরতির পর সাইসেডোর পাস থেকে সমতা ফেরান নিকোলাস জ্যাকসন। তিন মিনিট পর গোল করে লিগে দলের সপ্তম জয় নিশ্চিত করেন জোনস।
লিগের অন্য ম্যাচে পিছিয়ে পড়েও জয় পেয়েছ ম্যানচেস্টার সিটি। উলভসকে তাদের ঘরের মাটিতে হারিয়ে দিয়েছে পেপ ব্রিগেড। যদিও খেলা শুরুর ৭ মিনিটের মধ্যে স্ট্র্যান্ড লারসনের গোল এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। ৩৩ মিনিটে সেই গোল শোধ করে সিটি ডিফেন্ডার ভার্ডিওল। বক্সের বাইরে থেকে তাঁর বাঁক খাওয়া শট পরাস্ত করে বিপক্ষের গোলরক্ষককে। তারপর নির্ধারিত সময়ে আর কোনও দল গোলের খাতা খুলতে পারেনি। একটা সময় মনে হচ্ছিল খেলা গড়াচ্ছে ড্রয়ের দিকে। সেইসময় দলের হয়ে ত্রাতা হয়ে উঠলেন আর এক ডিফেন্ডার জন স্টোনস। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে ফিল ফোডেনের বাড়ানো পাস থেকে গোল করেন ইংরেজ ডিফেন্ডার। সেই গোল শোধ করার সময় পায়নি উলভস। এই জয়ের ফলের আট ম্যাচে ২০ পয়েন্ট পেয়ে দুই নম্বরে সিটি। সমান সংখ্যক ম্যাচ খেলে ২১ পয়েন্ট পেয়ে শীর্ষে লিভারপুল।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার