স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ নভেম্বরঃ ডারবানের বড় জয় দিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি অভিযান শুরু করেছিল ভারত। কিন্তু দ্বি-পাক্ষিক সিরিজের দ্বিতীয় ম্যাচেই হারতে হল সূর্য কুমার যাদবদের। রবিবার সেন্ট জর্জ পার্কে ৩ উইকেটে ম্যাচ জিতে নিল প্রোটিয়ারা। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১২৬ রান তুলেছিল ভারত। জবাবে ৬ বল বাকি থাকতে ৩ উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতে নেন আইডেন মার্করামরা। এই ম্যাচ জিতে সিরিজে সমতায় ফেরাল দক্ষিণ আফ্রিকা। আগামী বুধবার সেঞ্চুরিয়নে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা। শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচে শতরান করলেও এই ম্যাচে ব্যর্থ সঞ্জু স্যামসন। প্রথম ওভারে রানের খাতা না খুলেই তিনি ফেরেন। প্রথম ম্যাচে রান না পাওয়ায় এই ম্যাচে নজর ছিল অভিষেক শর্মার দিকে। কিন্তু দ্বিতীয় ম্যাচেও রান পেলেন না বিধ্বংসী ভারতী ওপেনার। ৫ বল খেলে করলেন ৪ রান। তিন নম্বরে নেমে রান পেলেন না সূর্যকুমার যাদবও। ৯ বল খেলে করলেন ৪ রান। এই পরিস্থিতিতে দলের হাল ধরলেন তিলক বর্মা ও অক্ষর প্যাটেল। ২০ বলে ২০ রান করে ফেরেন তিলক। তারপর অক্ষরের সঙ্গে জুটি বাঁধেন হার্দিক পাণ্ডিয়া। সাবলীল ব্যাটিং করছিলেন অক্ষর। তবে ২১ বলে ২৭ রান করে তিনি রান আউট হতেই রানের গতি আবার কমে যায়। এই ম্যাচে নিজেকে প্রমাণ করার সুযোগ ছিল রিঙ্কু সিংয়ের। কিন্তু এ দিনও তাঁর ব্যাট কথা বলেনি। ১১ বল খেলে ৯ রান করেই সন্তুষ্ট থাকতে হল নাইট ব্যাটারকে। পিচে টিকে থাকলেও দ্রুত রান করতে পারছিলেন না হার্দিক। শেষ পর্যন্ত ৪৫ বলে ৩৯ রানে অপরাজিত ছিলেন তিনি।
আরও পড়ুনঃ Premier League: প্রিমিয়ার লিগে বড় ব্যবধানে জয় ম্যানচেস্টার ইউনাইটেডের
১২৫ রানের লক্ষ্য বিশাল কিছু না। একটা সময় মনে হয়েছিল খুব সহজেই সেই রান তুলে ম্যাচ জিতে নেবে দক্ষিণ আফ্রিকা। সেই রকমই শুরু করেছিলেন দলের দুই ওপেনার রায়ান রিকেলটন ও রিজা হেনড্রিকস। কিন্তু তৃতীয় ওভারে রিকেলটনকে ফিরিয়ে আয়োজক শিবিরে ধাক্কা দেন অর্শদীপ সিং। তারপর প্রোটিয়া শিবিরে একের পর এক ধাক্কা দেন বরুণ চক্রবর্তী। নাইট স্পিনারের দাপটে ব্যাকফুটে চলে যায় দক্ষিণ আফ্রিকা। ২২ রানে ১ উইকেট থেকে ৬৬ রানে ৬ উইকেট হারায় তারা। মিলার, ক্লাসেনের মত আগ্রাসী ব্যাটারদের সাজঘরে ফেরান বরুণ। পরপর পাঁচটি উইকেট তুলে নেন তিনি। সিমেলেনকে ফিরিয়ে প্রোটিয়া শিবিরের চাপ আরও বাড়িয়ে দেন রবি বিষ্ণোই। একটা সময় মনে হয়েছিল ভারতের ম্যাচ জেতা স্রেফ সময়ের অপেক্ষা। সেই পরিস্থিতিতে দলের হাল ধরেন ট্রিস্টিয়ান স্টাবস ও জেরার্ল্ড কোৎজে। শেষ পর্যন্ত ৪১ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন স্টাবস। ৯ বলে ১৯ রানের ইনিংস খেলেন কোৎজে। এক ওভার হাতে নিয়ে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার