Home » “লাল দেখা” লাল- বেলাল বিবাদ বারাসাতে

“লাল দেখা” লাল- বেলাল বিবাদ বারাসাতে

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : লাল দেখা লাল এবং বেলালের মধ্যে চাপানউতোরে উত্তেজনার রেশ বারাসাত স্টেডিয়ামে। বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে  কলকাতা ফুটবল লীগের সুপার সিক্সে উঠার লড়াইয়ে গ্রুপ বি-এর গুরুত্বপূর্ণ খেলায় তিন নম্বর বনাম চার নম্বরের রুদ্ধশ্বাস ম্যাচে গ্যালারিতে দেখা গেল উত্তেজনা। গ্রুপে তৃতীয় স্থানে থাকা মহামেডান বনাম চতুর্থ ইউনাইটেডের লড়াই শেষ হলো ১-১ গোলে। পয়েন্ট ভাগাভাগি হল তবে গুরুত্বপূর্ণ ম্যাচে বারাসাত স্টেডিয়ামের দর্শকরা সাক্ষী থাকলেন রুদ্ধশ্বাস ম্যাচের। অন্যদিকে স্টেডিয়াম সাক্ষী থাকল লাল – বেলালের বিবাদের। এক ম্যাচের জন্য সাসপেন্ড ইউনাইটেড কোচ লাল কমল ভৌমিক এবং মহামেডান কর্মকর্তা বেলাল আহমেদের ফুটবলের নিয়ম-কানুন ঘিরে চাপানউতোর।

আগের ম্যাচে লাল কার্ড দেখেছিলেন ইউনাইটেড কোচ লালকমল ভৌমিক। এদিন তিনি ফুটবলার ও কোচেদের জন্য নির্দিষ্ট করা ডাগ আউটে না বসলেও গ্যালারিতে বসেন। মহামেডান কর্মকর্তা বেলাল আহমেদ গ্যালারিতে  লালকমলের কর্মকাণ্ড নিয়ে তোলেন আপত্তি। তাঁর অভিযোগ, দর্শক আসন থেকেই ইউনাইটেড দলের ফুটবলারদের বিভিন্ন নির্দেশ দিচ্ছিলেন লালকমল। লালকমল ভৌমিক জানিয়েছেন, দর্শক আসনে তিনি বসতেই পারেন। এ নিয়ে মৃদু উত্তেজনা ছড়ায় বারাসাত স্টেডিয়ামে।

খেলার প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই অমলেন্দুর গোলে এগিয়ে যায় ইউনাইটেড। খেলার ৬৭ মিনিটে মহামেডানের হয়ে সমতা ফেরান মহীতোষ। এই ম্যাচ ড্র করে সুপার সিক্স এ ওঠার বিষয় অনেকটাই স্বস্তিজনক জায়গায় মহামেডান। অন্যদিকে, ইউনাইটেডের সুপার সিক্সে উঠার লড়াই আরো শক্ত হয়ে পড়ল। উল্লেখ্য গ্রুপ বিতে শীর্ষস্থানে রয়েছে পুলিশ এসি।।

About Post Author