স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ নভেম্বরঃ ইন্ডিয়ান সুপার লিগে পয়েন্ট নষ্ট মোহনবাগানের। রবিবার ওড়িশা এফসির বিরুদ্ধে তাদের ঘরের মাঠে এক পয়েন্ট পেয়েই সন্তষ্ট থাকতে হল হোসে মোলিনার দলকে। ম্যাচের শুরুতেই হুগো বুমোর গোলে পিছিয়ে পড়ে কলকাতার ক্লাব। যদিও প্রথমার্ধেই মনবীর সিং গোল করে সমতায় ফেরান। এই ম্যাচে জিতলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বেঙ্গালুরুর সঙ্গে ব্যবধান কমাতে পারত সবুজ মেরুন শিবির। কিন্তু ম্যাচ ড্র হওয়ায় সেটা হল না। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রইল মোহনবাগান ।

আরও পড়ুনঃ Premier League: প্রিমিয়ার লিগে বড় ব্যবধানে জয় ম্যানচেস্টার ইউনাইটেডের
ম্যাচ শুরুর চার মিনিটের মধ্যে আশিস রাই ও বিশাল কাইথের ভুল বোঝাবুঝির খেসারত দিতে হয় মোহনবাগানকে। ডান প্রান্ত থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে গোলের দিকে বল ঠেলে দেন আশিস। সেই বল হাতে তুলে নেন বিশাল। বক্সের মধ্যে ইনডাইরেক্ট ফ্রি-কিক পায় ওড়িশা। ওড়িশা এফসির হয়ে গোল করতে ভুল করেননি মোহনবাগানের প্রাক্তনী হুগো বুমো। পুরনো দলের বিরুদ্ধে গোল করে উচ্ছ্বাস করতে দেখা যায় ফরাসি ফুটবলারকে। কিছুক্ষণ পর ব্যবধান বাড়াতে পারত ওড়িশা। কিন্তু মোহনবাগানকে সেই যাত্রায় বাঁচিয়ে দেন বিশাল। তারপর ছন্দে ফেরে মোহনবাগান।
গ্রেগ স্টুয়ার্টের বদলে শুরু করেন দিমিত্রি পেত্রাতোস। এই মরশুমে পুরনো ছন্দে দেখা যায়নি তাঁকে। তবে রবিবার ভাল ফুটবল খেললেন। গোল শোধ করার আপ্রাণ চেষ্টা করছিলেন। ৩৬ মিনিটে তাঁর কর্ণার থেকেই দলের হয়ে সমতা ফেরান মনবীর সিং। ওড়িশার গোলরক্ষক অমরিন্দর চেষ্টা করেও রুখতে পারেননি। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে ঝাঁজ বাড়ায় মোহনবাগান। একটি গোলের সুযোগও পেয়ে গিয়েছিলেন ম্যাকলারেন। কিন্তু অমরিন্দর ওড়িশাকে বাঁচিয়ে দেন। শেষের দিকে একাধিক বদল করলেও ম্যাচে স্কোরবোর্ড বদল করতে পারেনি মোহনবাগান।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার