সময় কলকাতা ডেস্ক, ২২ অগাস্ট : অমিত শাহ এলেন, প্রশ্ন পাহাড় সমস্যার সমাধান হবে কবে? স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে পাহাড় সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক।এবার পাহাড়ের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কমিটি, মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিং।
দীর্ঘদিনের পাহাড়ের বিভিন্ন সমস্যা ও দাবির সমাধানের লক্ষ্যে অবশেষে শিলিগুড়ির নিউ চামটায় একটি রিসোর্টে অনুষ্ঠিত হল ম্যারাথন বৈঠক। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ পাহাড়ের একাধিক নেতা-নেত্রী উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনার পর পাহাড়ের সমস্যা সমাধানে একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাহাড়ের সমস্যা বহুবিধ। সেদিকে চোখ রেখে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার উপস্থিতিতে সূত্রের খবর অনুযায়ী মূলত পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান, চা বাগান শ্রমিকদের সমস্যা ও উন্নয়নের রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে।পাহাড়ের প্রধান আলোচিত সমস্যা ও বিষয়সমূহ ও তার স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে যেমন আলোচনা হয়েছে, আলোচনার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক ছিল বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দাবি-দাওয়া । উল্লেখ্য, দীর্ঘদিনের দাবি রয়েছে পাহাড়, তরাই ও ডুয়ার্সের গোর্খা সম্প্রদায়ের সাংবিধানিক স্বীকৃতি ও স্থায়ী রাজনৈতিক সমাধানের ।শ্রমিকদের কল্যাণ নিয়েও রয়েছে সমস্যা চা বাগান ও সিনকোনা বাগান শ্রমিকদের দুরবস্থা এবং তাদের মজুরি ও জীবনযাত্রার মানোন্নয়ন নিয়ে দাবি দীর্ঘদিনের । পাহাড়ের ১১টি গোর্খা উপজাতির দীর্ঘদিনের তপশিলি উপজাতি (ST) ভুক্ত করার দাবিও রয়েছে বহুদিন ধরে ।রয়েছে ধসপ্রবণ পাহাড়ি অঞ্চলের পুনর্বাসন, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা। সূত্রের খবর অনুযায়ী সবকিছু নিয়েই বৈঠকে কথা হয়েছে।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিষ্ঠা জানান, পাহাড়ের দীর্ঘদিনের সমস্যা নিয়ে এবার একটি কমিটি গঠন করা হবে। এই কমিটির মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করবেন পঙ্কজ কুমার সিং, যাকে আগেই কেন্দ্র দায়িত্ব দিয়েছিল। কমিটিতে পাহাড়ের অন্যান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বকেও অন্তর্ভুক্ত করা হবে। পাহাড়ের বিভিন্ন সমস্যা, দাবি এবং সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে এই কমিটি কাজ করবে।
বৈঠকে পাহাড়ের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, আলোচনার ভিত্তিতে একটি গ্রাফ তৈরি করা হয়েছে। পরবর্তী বৈঠকে সেই গ্রাফ পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।
এদিকে, রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শিমলেকে পৃথক গোর্খাল্যান্ডের দাবি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। গোর্খাল্যান্ড প্রসঙ্গে এখনই কোনও মন্তব্য করতে চাননি তিনি। বৈঠকে উপস্থিত অন্য নেতৃত্বের তরফেও এই বিষয়ে স্পষ্ট কোনও বক্তব্য পাওয়া যায়নি।
ফলে পাহাড়ের দীর্ঘদিনের সমস্যার সমাধানে নতুন কমিটি গঠন এবং পরবর্তী বৈঠকের দিকে এখন নজর রাজনৈতিক মহলের। এই কমিটির মাধ্যমে পাহাড়ের বিভিন্ন দাবি ও সমস্যার কতটা সমাধান সম্ভব হয়, সেটাই এখন দেখার।
এদিকে, গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রসন গিরি জানান, পাহাড়ের সমস্যাগুলি কেন্দ্রের কাছে তুলে ধরার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমে পাহাড়ের দীর্ঘদিনের বিভিন্ন দাবি ও সমস্যাগুলি কেন্দ্রের কাছে তুলে ধরা হবে। সাংবিধানিক নিয়ম মেনেই সমস্ত সমস্যার সমাধানের পথ খোঁজা হবে বলেও জানান তিনি। ফলে নতুন এই কমিটির মাধ্যমে পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানের দিকে কতটা অগ্রগতি হয়, এখন সেদিকেই তাকিয়ে পাহাড়ের রাজনৈতিক মহল। সব মিলিয়ে সময়ের সঙ্গে তাল মিলিয়ে পাহাড় সমস্যার বাস্তবায়নের প্রতীক্ষা।।


More Stories
চোরের মায়ের বড় গলা – শর্বরীকে কটাক্ষ সৃজনের
কাজল শেখের পদত্যাগ
তারাপিঠে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, মৃতের সংখ্যা ৮, গ্রেফতার হোটেল মালিক