স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ নভেম্বরঃ শতাব্দী প্রাচীন কারমাইকেল শিল্ড, বসিরহাট প্রিমিয়ার লিগ, ক্রিকেট সহ অ্যাথলেটিক্সের একাধিক লিগ বন্ধ বসিরহাটে। বসিরহাট স্টেডিয়াম সংস্কারের অভাবে হারিয়ে যেতে বসেছে বহু ক্রীড়া প্রতিভা। প্রতিবাদে গর্জে উঠলেন একাধিক প্রাক্তন জাতীয় ফুটবলার সহ ক্রীড়া প্রেমীরা।

বর্তমানে ফুটবল মাঠে কমেছে বাঙালি ফুটবলারের সংখ্যা। কলকাতার তিন প্রধান আইএসএলে খেললেও সেখানেও নামেমাত্র কয়েকজন ঘরের ছেলে রয়েছে। অথচ একটা সময় দেশে বাঙালি ফুটবলারদের চাহিদা ছিল সবথেকে বেশি। বিভিন্ন জেলা থেকে প্রতিভারা উঠে আসত। আর উত্তর ২৪ পরগণার বসিরহাট ছিল ফুটবলের সাপ্লাই লাইন। একটা সময় বসিরহাট মহকুমা ক্রীড়া সংস্থার স্টেডিয়াম ছিল ফুটবলের প্রতিভা অণ্বেষনের সেরা ঠিকানা। যেই মাঠ বিভিন্ন সময়ে মিহির বসু, অলোক দাস, দীপেন্দু বিশ্বাস, নাজিমূল হক, হাবিবুর রহমান, গোপাল মজুমদার , কল্যাণ বন্দোপাধ্যায় ও সমীর বসুর-মত নামজাদা ফুটবলারদের দিয়েছে ভারতীয় ফুটবলে। যাঁরা রাজ্য ও জাতীয় স্তরে সাফল্য পেয়ে সুনামের সঙ্গে বসিরহাটকে ভারত তথা বিশ্বের ক্রীড়া মানচিত্রে জায়গা করে দিয়েছে।
কিন্তু লকডাউনের পর থেকে গত সাড়ে তিন বছর ধরে সেই মাঠে বন্ধ রয়েছে সব ধরনের খেলাধুলো। যার ফলে মাঠের দখল নিয়েছে আগাছা। কোথাও এক হাঁটু জল, আবার কোথাও চার থেকে পাঁচ ফুট আগাছা জন্ম নিয়েছে। যার ফলে বসিরহাটের ক্রীড়া প্রতিভার অন্বেষনের কাজ অনেকটাই থমকে গিয়েছে। সংস্কারের অভাবে সংশয়ে পড়ে গিয়েছে সীমান্ত থেকে সুন্দরবন পর্যন্ত প্রায় ৩৫ লক্ষ ক্রীড়া প্রতিভার ভবিষ্যত। এই নিয়ে এবার সোচ্চার হলেন বসিরহাটের ক্রীড়া প্রেমী ও প্রাক্তন ক্রীড়াবিদরা। ঐতিহ্যশালী মাঠে আবার খেলা ফেরাতে বসিরহাট টাউনহলে আলোচনা সভার আয়োজন করেছিলেন তাঁরা। একটি কমিটি গঠন করে স্টেডিয়ামটিকে খেলার উপযুক্ত করে তোলার উদ্যোগ নেওয়া হল। এই সভা থেকে মাঠের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগড়ে দিতে দেখা গেল তাঁদের।
বসিরহাট মহকুমা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি তথা বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “কোভিড মহামারী কালের পর থেকে খেলা বন্ধ রয়েছে। সংস্কার হচ্ছে না, খুব তাড়াতাড়ি মাঠের সংস্কার হবে। আবার খেলা ফিরে আসবে স্টেডিয়ামে। কিন্তু বসিরহাট স্টেডিয়ামের বাইরে বিভিন্ন মাঠে বিভিন্ন খেলা আমরা আয়োজন করছি।” প্রাক্তনীদের এই উদ্যোগে আশার আলো দেখছেন বসিরহাট এলাকার ক্রীড়া প্রতিভা থেকে ক্রীড়াপ্রেমী মানুষরা। এখন কবে সংস্কারের কাজ শেষ হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার