Home » Mohun Bagan: লিগ শীর্ষে ওঠার লড়াইয়ে নামছে মোহনবাগান, চেন্নাইয়িন ম্যাচে দলে ফিরবেন স্টুয়ার্ট?

Mohun Bagan: লিগ শীর্ষে ওঠার লড়াইয়ে নামছে মোহনবাগান, চেন্নাইয়িন ম্যাচে দলে ফিরবেন স্টুয়ার্ট?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩০ নভেম্বরঃ ইন্ডিয়ান সুপার লিগে শীর্ষস্থান ধরে রাখার জন্য জোর টক্কর চলছে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসির। গত ম্যাচে জামশেদপুরকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে চলে গিয়েছিল। কিন্তু কলকাতায় এসে মহামেডানকে শেষমুহূর্তের গোলে হারিয়ে শীর্ষস্থান পুনরায় দখল করে নিয়েছেন সুনীল ছেত্রীরা। যদিও মোহনবাগান একটি ম্যাচ কম খেলেছে। শনিবার ঘরের মাঠে নামতে চলেছেন হোসে মোলিনার শিষ্যরা। সেই ম্যাচ জিতলে আবারও লিগ শীর্ষে চলে যাবে সবুজ মেরুন ব্রিগেড। তাই তাদের কাছে চেন্নাইয়িন ম্যাচ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

বর্তমানে পয়েন্ট টেবিলের সাত নম্বরে রয়েছে চেন্নাইয়িন। নিজেদের শেষ ম্যাচে কেরালা ব্লাস্টার্সের কাছে ০-৩ গোলে হারতে হয়েছে ওয়েন কয়েলের ছেলেদের। ফলে মোহনবাগান ম্যাচে যে তারাও তিন পয়েন্ট পেতে মরিয়া থাকবে বলাই বাহুল্য। মাঠে নামার আগে সেই কথাই শোনা গিয়েছে মোহনবাগান হেডস্যারের গলায়। তিনি বলেছেন, “মরশুমটা ওদের প্রত্যাশামত হচ্ছে না। কিন্তু চেন্নাইয়িন দল ভাল। ওদের বিরুদ্ধে ম্যাচটা কঠিন হবে।” তবে নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী মোলিনা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন শনিবার পুরো তিন পয়েন্টের লক্ষ্যে মাঠে নামবেন তাঁর শিষ্যরা।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy: অ্যাডিলেড টেস্টের আগে অজি শিবিরে ধাক্কা, সিরিজ থেকে ছিটকে গেলেন হেজেলউড

আরও পড়ুনঃ Border Gavaskar Trophy: অনুশীলনে ফিরলেন শুভমন, অ্যাডিলেডে চার বছর আগের লজ্জা ভুলতে মরিয়া ভারত

মোহন কোচকে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে দলের সাম্প্রতিক পারফরম্যান্স। জামশেদপুর ম্যাচে দাপটের সঙ্গে জয় পেয়েছেন শুভাশিস বসুরা। পাশাপাশি গোলের মধ্যে রয়েছেন দলের ম্যাকলারেন-লিস্টনরা। তার থেকেও মোহন কোচকে বেশি স্বস্তি দিচ্ছে দলে একাধিক বিকল্প ফুটবলারের উপস্থিতি। মোলিনার কথায়, “পেত্রাতোস না থকালে কামিংস রয়েছেন, কামিংস না থাকলে ম্যাকলারেন রয়েছেন।” দলের জয়ে প্রত্যেকের অবদান চান মোলিনা। তাই দলের ২৪ জনকে সমান গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি। মোহনবাগান কোচের চিন্তা আরও কমিয়ে সুস্থ হয়ে উঠেছেন গ্রেগ স্টুয়ার্ট। চোটের জন্য জামশেদপুর ম্যাচে তাঁকে পায়নি দল। তবে চেন্নাইয়িনের বিরুদ্ধে তিনি ফিরছেন। প্রথম একাদশে না থাকলেও, পরিবর্ত হিসেবে নামবেন। পাশাপাশি, এই ম্যাচে ফিরছেন দলের নির্ভরযোগ্য রাইট উইং ব্যাক আশিস রাইও। তিনিও জামশেদপুরের বিরুদ্ধে খেলতে পারেননি। ফলে আরও বিকল্প বাড়বে ম্যারিনার্সদের। তাই হয়তো দলের একাধিক ফুটবলারের তিনটি হলুদ কার্ড থাকলেও বিশেষ আমলই দিচ্ছেন না আইএসএলের ইতিহাসে অন্যতম সফল কোচ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, “একজন খেলতে না পারলেও অন্যজন তৈরি থাকে।”  

About Post Author