Home » Premier League: Premier League: সেটপিস থেকে জোড়া গোল, ইউনাইটেডের বিরুদ্ধে জয় আর্সেনালের

Premier League: Premier League: সেটপিস থেকে জোড়া গোল, ইউনাইটেডের বিরুদ্ধে জয় আর্সেনালের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ নভেম্বরঃ প্রিমিয়ার লিগে দুরন্ত ছন্দে আর্সেনাল। বুধবার ঘরের মাঠ এমিরেটসে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে উড়িয়ে দিল মিকেল আর্তেতার দল। গোল করলেন দলের দুই ডিফেন্ডার জুরিয়েন টিম্বার ও উইলিয়াম স্যালাইবা। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথমবার ম্যানচেস্টারের ক্লাবের বিরুদ্ধে টানা চার ম্যাচ জিতল গানার্সরা। রেড ডেভিলদের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার হারের স্বাদ পেলেন পর্তুগিজ কোচ রুবেন আমোরিম।

গত মরশুম থেকে সেট-পিস থেকে মোট ২২ গোল করেছে আর্সেনাল। প্রিমিয়ার লিগে সেট-পিসে এত গোল আর কোনও দল করতে পারেনি। বুধবার সেই সেট-পিসেই ভর করে ম্যানচেস্টার ইউনাইটেডের মত শক্তিশালী দলকে হারিয়ে দিল গানার্সরা। প্রথমার্ধে কোনও দলই বলার মত সুযোগ তৈরি করতে পারেনি। ফলে গোলের খাতাও খোলেনি। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সফরকারী দলকে চাপে রেখেছিল আর্সেনাল। ৫৪ মিনিটে গোলের দেখা পায় তারা। ডেক্লান রাইসের কর্নার থেকে প্রথম পোস্টে বল রাখেন। অনেকটা পিছন থেকে সেই বল তাড়া করছিলেন আর্সেনালের একাধিক ফুটবলার। তাদের মধ্যে থেকে হেডে বল জালে জড়িয়ে দেন টিম্বার। ৬৭ মিনিটে সেই গোলশোধ করে ফেলেছিল ইউনাইটেড। ব্রুনো ফার্নান্ডেজের ক্রস থেকে লাফিয়ে হেড করেছিলেন ম্যাথিয়াস ডি’লিট। প্রায় গোলে ঢোকার মুখে শরীরকে শূন্যে ছুঁড়ে দিয়ে বলকে বিপদমুক্ত করেন আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়া। ৭৩ মিনিটে আমোরিমের দলের কাজ আরও কঠিন করে দেয় আর্সেনাল। বুকায়ো সাকার কর্নার হেড করে বক্সের মধ্যে রাখেন টমাস পার্তে। সেই বল সালিবার গায়ে লেগে জালে জড়িয়ে যায়। আরও গোল করার সুযোগ পেয়েছিল আর্সেনাল। কিন্তু কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে মাঠ ছাড়ে আর্সেনাল।

আরও পড়ুনঃ Real Madrid: ফের পেনাল্টি নষ্ট এমবাপ্পের, বিলবাওয়ের কাছে হার রিয়াল মাদ্রিদের

ম্যাচ শেষে আমোরিম জানিয়েছেন, “ আর্সেনালের সেট-পিসেই খেলা শেষ করে দিয়েছে। আমাদের গোলকিপারের সামনে ওদের অনেক ফুটবলার ভিঁড় জমাচ্ছিলেন। ফলে বলকে বিপদমুক্ত করতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে। আমাদের আরও উন্নতির দরকার রয়েছে।” আর্সেনালের কোচ মিকেল আর্তেতার দাবি, “আমরা সেট-পিস থেকে দুটি গোল  করলেও আরও বড় ব্যবধানে জেতা উচিত ছিল।”

About Post Author