স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ ডিসেম্বরঃ স্বপ্নের ক্লাবে যোগ দিলেও সময়টা ভাল যাচ্ছে না কিলিয়ান এমবাপ্পের। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিরুদ্ধে পেনাল্টি নষ্ট করেছিলেন। বুধবার একই ঘটনার পুনরাবৃ্ত্তি হল লা লিগায়। অ্যাতলেতিকো বিলবাওয়ের বিরুদ্ধে ফের পেনাল্টি নষ্ট করলেন ফরাসি তারকা। তাঁর নেওয়া শট বাঁচিয়ে দেন বিপক্ষের গোলরক্ষক জুলেন আগিরেজাবালা। এমবাপ্পের পেনাল্টি নষ্টের দিন তাঁর ক্লাবও হেরে গেল ১-২ গোলে।

লিগ শীর্ষে থাকা বার্সেলোনার থেকে চার পয়েন্টে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। তাদের হাতে ছিল দুই ম্যাচ। বুধবার বিলবাওকে হারাতে পারলে কাতালান ক্লাবকে আরও চাপে ফেলতে পারতেন আন্সেলোত্তির শিষ্যরা। কিন্তু নিজেদের ভুলেই সেই সুযোগ হাতছাড়া করল তারা। ম্যাচের ১৩ মিনিটে জালে বল জড়িয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু সেই গোল অফসাইডের জন্য বাতিল হয়। তবে তার পরেই ঘরের মাঠ স্যান মামেসে খেলায় ফেরে বিলবাও। উইলিয়ামস ভাইয়েরা আক্রমণে চাপ বাড়াচ্ছিলেন। তবে কোনও দলই গোলের খাতা খুলতে না পারায় প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্য।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করতে হয় রিয়ালকে। নিকো উইলিয়ামসের ক্রস বিপদমুক্ত করতে পারেননি রিয়াল ফুটবলাররা। সেই বল পেয়ে জালে জড়িয়ে দেন আলেক্স বেরেনগুয়ের। ৬৮ মিনিটে গোলশোধের সুবর্ণ সুযোগ পেয়ে যায় রিয়াল। বল ক্লিয়ার করতে গিয়ে আন্তোনিও রুডিগারকে ফাউল করেন বিলবাও গোলরক্ষক। পেনাল্টি দেন রেফারি। কিন্তু স্পট থেকে গোল করে দলকে সমতায় ফেরাতে ব্যর্থ হন এমবাপ্পে। তাঁর নেওয়া দুর্বল শট বাঁ দিকে ঝাঁপিয়ে নিজের ভুল শুধরে নেন আগিরেজাবালা। তবে ৭১ মিনিটে খেলায় সমতা ফেরায় রিয়াল মাদ্রিদ। বক্সের বাইরে থেকে নেওয়া এমবাপ্পের শট বিপক্ষ গোলরক্ষক আঁটকে দেন। ফিরতি বলে গোল করে দলকে সমতায় ফেরান জুড বেলিংহাম। তবে পরের মিনিটেই আবার গোল হজম করতে হয় রিয়ালকে। রক্ষণভাগের ফুটবলারদের ভুলে বল পেয়ে গোল করে যান গোরকা গুরুজেতা। সেই গোলের পর আর খেলায় ফিরতে পারেনি রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত ১-২ গোলে হেরেই মাঠ ছাড়তে হয় তাদের।
এই হারের পর ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল কার্লো আন্সেলোত্তির দল। এক ম্যাচ বেশি খেলে ৩৭ পয়েন্ট পেয়ে শীর্ষে রইল ফুটবল ক্লাব বার্সেলোনা।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার