Home » কেশব মহারাজ কি দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা স্পিনার?

কেশব মহারাজ কি দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা স্পিনার?

সময় কলকাতা ডেস্ক, ৯ ডিসেম্বর : অস্ট্রেলিয়ার  শেন ওয়ার্ন বা শ্রীলংকার  মুথাইয়া মুরলীথরণ।  কে সেরা তা নিয়ে তর্ক থাকতেই পারে।  বিশ্বসেরা স্পিনারের তকমা  তাঁদের মধ্যেই একজন নিশ্চিতভাবে পাবেন । এক একটি দেশের মধ্যে স্পিনার হিসেবে শ্রেষ্ঠত্বের তুলনা যখন হবে তখন এদের মধ্যে শেন ওয়ার্নকে  তর্কাতীতভাবে অস্ট্রেলিয়ার সেরা বলেই বেছে নেওয়া হবে । অন্যদিকে,  মুরলীথরণ শ্রীলঙ্কার সেরা স্পিনার। ভারত-ও বহু  ভালো স্পিনারের জন্ম দিয়েছে। এই তালিকায় রয়েছেন বিষেন সিং বেদী, ভগবত চন্দ্রশেখর, সুভাষ গুপ্তে, এরাপল্লী প্রসন্ন,  অনিল কুম্বলে ও রবিচন্দ্রন আশ্বিন। অস্ট্রেলিয়া বা ভারতে অথবা শ্রীলঙ্কায় এরকম ভালো মানের স্পিনার একাধিক এলেও  দক্ষ ও বিশ্বমানের স্পিনার বেশ কিছু দেশে দেখা যায় নি। দেখা গেলেও তারা বেশিদিন খেলতে পারেননি। দক্ষিণ আফ্রিকা এরকমই একটি দেশ। পল অ্যাডামস, প্যাট  সিমকক্স বা নিকি বোয়ে মাঝে মাঝে সম্ভাবনা জাগালেও তাঁরা কিন্তু দীর্ঘস্থায়ী হননি। তবে সাম্প্রতিক সময়ে কেশব মহারাজ কিন্তু সাড়া ফেলেছেন। দক্ষিণ আফ্রিকার স্পিনারদের মধ্যে উইকেটের বিচারে তিনি দক্ষিণ আফ্রিকার সর্বকালের  সেরা উইকেট শিকারী। চলতি শ্রীলংকা দক্ষিণ আফ্রিকা সিরিজে তিনি দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭৬ রান দিয়ে রানে ৫ উইকেট পেয়ে শ্রীলঙ্কাকে  গুঁড়িয়ে দিয়েছেন। তবুও প্রশ্ন থেকেই যায়। তিনি কি দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা? কারণ উইকেট বা রেকর্ড শেষ কথা বলে না।

টেস্ট ক্রিকেটের ইতিহাস ১৮৭৭ সাল থেকে চলে আসছে। তার তিন বছর আগে ১৮৭৪ সালে উত্তরপ্রদেশের সুলতানপুর থেকে কেশব মহারাজের পরিবার তথা পূর্বপুরুষগণ ভাগ্য পরিবর্তনের সন্ধানে  দক্ষিণ আফ্রিকার ডারবানে চলে যান । হিন্দু এই পরিবারটির  বর্তমান প্রজন্মের কেশব মহারাজ বিগত আট বছর ধরেই  হয়ে উঠেছেন আন্তর্জাতিক ক্রিকেটে একটি সমীহ জাগানো নাম। ভারতীয় ভূখণ্ডের  ও হিন্দু পরিবারের ছেলে কেশব মহারাজ বিবাহ বন্ধনে সম্প্রতি জড়িয়েছেন ভারতীয় মূলের সঙ্গে জড়িয়ে থাকা এক কত্থক নর্তকীর সঙ্গে। এ নিয়ে সন্দেহের অবকাশ নেই  ৫৫ টি টেস্ট খেলে  ১৮৬ উইকেট পাওয়া কেশব মহারাজ পল অ্যাডামস বা নিকি বোয়ের চেয়ে ঘূর্ণিবলের দুনিয়ায় অনেক বেশি প্রভাব ফেলেছেন  কিন্তু সর্বকালের শ্রেষ্ঠত্বের বিচারে কিছুটা হলেও  এগিয়ে থাকবেন হিউ জোসেফ টেফিল্ড। ৩৭টি টেস্ট খেলে ১৭০ টি উইকেট পেয়েছিলেন হিউ টেফিল্ড।  পরিসংখ্যানের বিচারে  তিনি অবশ্যই  দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা স্পিনার। ১৯৪৯ সাল থেকে ১৯৬০ সাল পর্যন্ত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে  ধারাবাহিক সাফল্য পেয়েছেন তিনি। সম্প্রতি কেশব মহারাজ তাঁর টেস্ট ক্রিকেটে উইকেট পাওয়ার রেকর্ড ভাঙলেও হিউ টেফিল্ডের অবদান  সুদূর প্রসারী।।

আরও পড়ুন World Test Championship: ভারত কি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে?

About Post Author