স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ ডিসেম্বরঃ ভাই ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জিতেছেন। দাদাও থ্রি লায়ন্সদের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু পরিবারের মেজো ছেলে ডাক পেলেন জিম্বাবোয়ের হয়ে খেলার। ফলে ইংল্যান্ডের কারেন পরিবারের তিন সদস্য এ বার খেলবেন দুটি আলাদা দেশের হয়ে। ফলে এই পরিবার নিয়ে চর্চা শুরু হয়েছে ক্রিকেট মহলে।

ইংল্যান্ড ক্রিকেটে নতুন প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে অন্যতম প্রতিভাবান ক্রিকেটার স্যাম কারেন। ২৬ বছরের ক্রিকেটার ইতিমধ্যে দেশের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। তাঁর এক দাদা টম কারেনও ইংল্যান্ডের হয়ে খেলেছেন। কিন্তু অন্য দাদা বেন কারেন সুযোগ পেলেন জিম্বাবোয়ের হয়ে খেলার। আসন্ন আফগানিস্তান সিরিজে তাঁকে দলে রাখা হয়েছে। ১১ ডিসেম্বর থেকে সিরিজ শুরু হবে। তবে এই পরিবারের সঙ্গে জিম্বাবোয়ের যোগ রয়েছে। এই তিন ভাইয়ের বাবা কেভিন জিম্বাবোয়ের জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেছেন। এ বার বাবার পথেই হাঁটলেন বেন। ২৮ বছরের ক্রিকেটার ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন খেললেও জাতীয় দলের শিকে ছেড়েনি। তাই বাঁ-হাতি ব্যাটার ও ডান হাতি স্পিনার জিম্বাবোয়ের হয়ে খেলার সিদ্ধান্ত নিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে তিনি একটি ম্যাচেও মাঠে নামেন তা হলে পরিবারের চতুর্থ সদস্য হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটবে বেন কারেনের।
বর্তমান ও অতীতে একাধিকবার দুই ভাইকে ক্রিকেট ম্যাচে একসঙ্গে খেলতে দেখা গিয়েছে। যারা নিজেদের দেশের হয়ে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করেছে। এমন অনেক যুগল রয়েছেন যারা ক্রিকেট পরিবারকে সমৃদ্ধ করেছেন। সেই তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ ও মার্ক ওয়া, ভারতের ইরফান ও ইউসুফ পাঠান, অস্ট্রেলিয়ার গ্রেগ ও ইয়ান চ্যাপেল, ভারতের হার্দিক ও ক্রুণাল পাণ্ডিয়ার মত সব হেভিওয়েট নাম। ক্রিকেটে দুই ভাইয়ের একটি জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার বিষয়টি খুব সাধারণ। কিন্তু এমন অনেক নজির রয়েছে যেখানে দুই ভাই আন্তর্জাতিক স্তরে দুটি ভিন্ন দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এমন নজিরের কথা বললে, যাদের নাম নিতে হয় তাঁরা হলেন ফ্র্যাঙ্ক, অ্যালে ও জর্জ হর্নে। বিখ্যাত হর্নে পরিবারের সদস্য ফ্রাঙ্ক দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছিলেন। কিন্তু তাঁর দুই ভাই অ্যালে ও জর্জ খেলেছিলেন ইংল্যান্ডের হয়ে। একই পরিবারের দুই সদস্য ডম ও এড জয়েস আন্তর্জাতিক ক্রিকেটে দুটি ভিন্ন দেশের হয়ে খেলেছেন। এ বার সেই তালিকায় নাম লেখালেন ইংল্যান্ডের কারেন পরিবারের তিন সদস্য।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক