Home » ধর্মতলায় ধরনার অনুমতি খারিজ করল কমিশনার, চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে জুনিয়র চিকিৎসকরা

ধর্মতলায় ধরনার অনুমতি খারিজ করল কমিশনার, চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে জুনিয়র চিকিৎসকরা

সময় কলকাতা ডেস্ক, ১৭ ডিসেম্বর: আরজি কর ধর্ষণ ও খুন মামলায় শিয়ালদহ কোর্টে ৯০ দিনের মধ্যে চার্জশিট জমা দিতে না পারায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিন হয়েছে। তারপর থেকেই ফুঁসে উঠেছে চিকিৎসকদের সংগঠন। এর আগে অভয়ার সুবিচারের দাবিতে রাস্তায় নেমেছিলেন তাঁরা। ফের সিবিআইয়ের গাফিলতির অভিযোগে ধরনার পথে নামার সিদ্ধান্ত তাঁদের। এদিন ১৮ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ধর্মতলায় ধর্নার অনুমতি চেয়ে চিঠি দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনারকে। সেই আবেদন খারিজ হওয়ায় এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন জুনিয়র ডাক্তাররা। সূত্রের খবর আগামীকাল রায় জানাবে আদালত।

আরও পড়ুন: শীতের রাতে এই খাবারগুলো থেকে দূরে না থাকলেই বিপদ!

সন্দীপের বিরুদ্ধে ইডির আনা আর্থিক তছরুপির মামলা থেকে জামিন না পেলে গত শুক্রবার অভয়ার ধর্ষণ ও খুনের মামলা থেকে জামিন পেয়েছেন হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। তাঁদের জামিনের পরেই অসন্তোষ প্রকাশ করে সিবিআইয়ের দফতরে অভিযান করেছিল জুনিয়র চিকিৎসকেরা। এবার জামিনের বিরোধিতা, সিবিআই-কে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার দাবিতে ধর্মতলায় ধরনায় বসার সিদ্ধান্ত নেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। ১৮ থেকে ২৬ ডিসেম্বর ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে অস্থায়ী বিক্ষোভ মঞ্চ তৈরি করতে চান সংগঠনের সদস্যরা। সেই আবেদন জানিয়ে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে মেল করা হয়। কিন্তু মেলেনি পুলিশের অনুমতি। এর পরই মঙ্গলবার সকালে ধরনার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হলেন জুনিয়র চিকিৎসকেরা।

আরও পড়ুন: দক্ষিণ সুদানের ৱ্যাপিড সাপোর্ট ফোর্স যোদ্ধাদের দৈনন্দিন কর্মসূচি যেন গণধর্ষণ

প্রসঙ্গত, গত ৯ আগস্ট আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার মাসখানেক পর তথ্যপ্রমাণ আড়াল করার অভিযোগে গ্রেপ্তার করা হয় টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে। পরে গ্রেপ্তার হন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষও। তবে ঘটনার তদন্তে নেমে ৯০ দিনেও এই দুজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে না পারায় ১৩ ডিসেম্বর তাঁদের জামিন দেয় শিয়ালদহ আদালত। আর তাতেই কার্যত খেপে উঠেছেন চিকিৎসকরা। তাঁদের দাবি, সিবিআইয়ের এই তদন্তে স্বচ্ছতা নেই।

About Post Author