সময় কলকাতা ডেস্ক:-নতুন বছরে বড় উপহার পেলেন বাংলার ফুটবল প্রেমীরা। দীর্ঘ ৬ বছর পর সন্তোষ ট্রফি জিতল বাংলা। ৭৮তম সন্তোষ ট্রফিতে কেরলের মত শক্তিশালী দলকে হারিয়ে এই নিয়ে ৩৩ বার ভারত সেরা হল বাংলা। এর আগে গত ২০২১-২২ মরশুমেও ফাইনালে উঠেছিল বাংলা ফুটবল দল। কিন্তু সেবার ট্রফি হাত ছাড়া হয় বাংলা দলের।
টাইব্রেকারে কেরালার কাছেই হারতে হয়েছিল বাংলাকে। তবে এবার হারের মধুর প্রতিশোধ নিল বাংলা। এবার ফাইনালে সঞ্জয় সেনের ছেলেদের দুর্দান্ত পারফরম্যান্স এর জেরেই পর্যুদস্ত হতে কেরালাকে। সঞ্জয় সেনের অসামান্য কোচিং এবং চাকু মান্ডির অধিনায়কত্বে বাংলার ফুটবলারদের অনবদ্য পারফরমেন্সের ফলেই এই জয়। গোটা ম্যাচেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। শেষপর্যন্ত দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে কেরালাকে ১-০ গোলে হারাল সঞ্জয় সেনের ছেলেরা। ম্যাচে বাংলার হয়ে জয়সূচক গোলটি করলেন রবি হাঁসদা।
নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর অতিরিক্ত ৪ মিনিটের মাথায় রবিকে লক্ষ্য করে আদিত্য থাপা দুরন্ত হেডে বক্সের মধ্যে বলটা পাঠিয়েছিলেন। এরপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বলটা কেরালার জালে জড়িয়ে দিতে রবির কোনও সমস্যাই হয়নি। এই নিয়ে ৩৩ বার সন্তোষ ট্রফির খেতাব জয় করল বাংলা। সন্তোষ ট্রফিতে শেষবার বাংলার সাফল্য এসেছিল ২০১৬-১৭ সালে। তারপর থেকে শুধুই ব্যর্থতা। সোজা কথায় দীর্ঘদিন ভারত সেরা না হওয়ার থেকে শাপমুক্তি ঘটল ২০২৪-এ ৩১ ডিসেম্বর। ভারতীয় ফুটবলের মানচিত্রে সেরার আসন বাংলার দখলে। বাংলার ফুটবল সমর্থকদের কাছে এর থেকে বড় প্রাপ্তি আর কীই বা হতে পারে! বছরের শেষ দিনটা একেবারে মধুরেণ সমাপয়েত! বাংলা ফুটবল দলের এই বিশেষ সাফল্যের পর স্বাভাবিকভাবেই শুভেচ্ছার বন্যায় ভাসছে বাংলার ফুটবল দল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও ক্রীড়াব্যক্তিত্ব বাংলা দলকে এই সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোসও বাংলার ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়েছেন। বাংলা ফুটবল দলের এই সাফল্য বাংলার ফুটবল প্রেমীদের কাছে নতুন বছরে শুরুতে যে বিরাট পাওনা তা বলার অপেক্ষা রাখে না।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার