Home » এবার কলকাতায় চলবে বুলডোজার, শহরের ৮ টি বেআইনি নির্মাণ ভাঙ্গার নির্দেশ হাইকোর্টের

এবার কলকাতায় চলবে বুলডোজার, শহরের ৮ টি বেআইনি নির্মাণ ভাঙ্গার নির্দেশ হাইকোর্টের

সময় কলকাতা ডেস্ক:- বৃহস্পতিবার বছরের শুরুতেই প্রথম প্রশাসনিক বৈঠকে জমি জবরদখল করে বেআইনি নির্মাণ নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ২৪ ঘণ্টার মধ্যে কঠোর পদক্ষেপ কলকাতা হাই কোর্টের। শহরের ৮টি বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শুক্রবার এই রায় দেন। অবিলম্বে ওই বেআইনি নির্মাণগুলিতে বিদ্যুৎ এবং জল পরিষেবা বন্ধের নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। এছাড়া বেআইনিভাবে নির্মিত সম্পত্তিতে যাঁরা বসবাস করেন তাঁদেরও উচ্ছেদের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

এদিনের শুনানিতে কলকাতা হাই কোর্টের তরফে জানানো হয়েছে, উচ্ছেদের সময় কোনও সমস্যা হলে পুলিশ তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। উচ্ছেদের পর ওই সম্পত্তি অবিলম্বে ভেঙে ফেলতে হবে। আদালতের এই নির্দেশ উপযুক্তভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা কলকাতা পুরসভা, পুলিশ এবং সিইএসসিকে নজরদারি করতে বলেছে হাইকোর্ট। আদালতের এই নির্দেশ বাস্তবায়িত হল কিনা, সে সংক্রান্ত রিপোর্ট আগামী ২৮ ফেব্রুয়ারি হাই কোর্টে জমা দিতে হবে। তবে ইতিমধ্যে ১৭০ নম্বর কেশবচন্দ্র স্ট্রিটের এক বাসিন্দা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। শীর্ষ আদালত সম্পত্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। তাই এই সম্পত্তি ভাঙা হবে কিনা, তা সুপ্রিম কোর্টের নির্দেশের উপর নির্ভর করছে।

এনিমি প্রপার্টি এবং বেআইনি নির্মাণ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। ওই মামলাতে কেশবচন্দ্র স্ট্রিটের ৬টি, রাজা রাজনারায়ণ স্ট্রিটের ১টি, গিরিশ বিদ্যারত্ন লেনের ১টি সম্পত্তির উল্লেখ করা হয়। হাই কোর্টের নির্দেশে কলকাতা পুরসভা ও পুলিশ একটি টাস্কফোর্স গঠন করা হয়। ওই টাস্কফোর্স কতগুলি বেআইনি নির্মাণ রয়েছে তা খতিয়ে দেখে রিপোর্ট জমা দেয়। কতজন বাসিন্দা রয়েছেন, ওই বেআইনি বাড়ি গুলিতে তাও খতিয়ে দেখে টাস্কফোর্স। শুক্রবার হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়।

About Post Author