সময় কলকাতা, অর্পণ সিং, হাওড়া:-স্বামীকে বুঝিয়ে কিডনি বিক্রি করিয়ে সেই টাকা এবং গয়না নিয়ে প্রেমিকের সঙ্গে চম্পট দিল স্ত্রী।
সংসারে চরম অনটন। বাধ্য হয়ে নিজের কিডনি বিক্রি করেন হাওড়ার সাঁকরাইলের এক যুবক। কিন্তু সেই টাকা হাতিয়ে নিয়ে নিজের প্রেমিকের সঙ্গে পালালো ওই যুবকের স্ত্রী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইল ব্লকের ধুলাগড়ি হাটতলা এলাকায়। বছর চল্লিশের পিন্টু বেজ নামের ওই ব্যক্তি স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে।
সূত্রের খবর, ভবিষ্যতে নিজেদের নাবালিকা কন্যার বিয়ের জন্য এখন থেকেই সোনার গয়না বানিয়ে রাখা প্রয়োজন, এমনটাই বার বার স্বামীকে বলে তাঁর একটি কিডনি বিক্রি করতে বাধ্য করেন স্ত্রী সুপর্ণা বেজ। এরপর সেই নগদ মোট দশ লাখ টাকা ও সোনার গয়না নিয়ে সুপর্ণা বেপাত্তা হয়ে যান তাঁর প্রেমিকের সঙ্গে! হাওড়ার সাঁকরাইলের যুবক পিন্টুর এমনই অভিযোগে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে।
সূত্রের খবর পিন্টু বেজ প্রথমে তার স্ত্রীর নিখোঁজ হওয়ার ডায়েরি করেন এবং তার পর স্ত্রীকে খুঁজে পেতে হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা করেন। এক্ষেত্রে মামলাকারীর স্ত্রীকে খুঁজে এনে আদালতে হাজির করানোর দায়িত্ব পুলিশের। যদিও হেবিয়াস কর্পাস মামলায় পুলিশের দেওয়া রিপোর্ট অনুযায়ী, তদন্তকারীদের কাছে আগেই ওই মহিলা অর্থাৎ পিন্টুর স্ত্রী লিখিত ভাবে জানিয়েছিলেন যে, তিনি স্বেচ্ছায় ঘর ছেড়েছেন। তাঁর প্রেমিক এবং তিনি এখন স্বামী–স্ত্রীর মতো থাকছেন। কেউ তাঁকে জোর করেনি ।
পুলিশের দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ সোমবার, ২৭ জানুয়ারি হেবিয়াস কর্পাস মামলাটি খারিজ করে দেয়। আদালতের সূত্রের খবর, যেহেতু মহিলার হদিশ পাওয়া গিয়েছে এবং তিনি স্বেচ্ছায় স্বামীকে ছেড়ে চলে যাওয়ার কথা মুচলেকা দিয়ে জানিয়েছেন, তাই এক্ষেত্রে আর হেভিয়াস কর্পাসের আবেদন কার্যকর হবে না।
তবে মামলা কার্যকর না হলেও ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। পিন্টুর বাড়ি থেকে চেষ্টা করা হয়েছিল বুঝিয়ে পিন্টুর স্ত্রীকে বাড়ি ফেরানো। কিন্তু সমস্ত চেষ্টা বিফলে গিয়েছে। তবে স্বামীর টাকা লুটে নিয়ে প্রেমিকের সঙ্গে পালানোর এবং বুঝিয়ে স্বামীর কিডনি বিক্রি করে সেই টাকা আত্মসাৎ করার ঘটনা এক কথায় অভূতপূর্ব। 


More Stories
হাওড়ার ভাগাড়ের জঞ্জাল থেকে বিদ্যুৎ তৈরির পরিকল্পনা
শরীরে আঘাত ও আগুনের ছ্যাঁকা, ৪ বছরের শিশুর দেহ উদ্ধার ডোমজুড়ে!
‘ছবি তুলে দিন ভাইরাল করব.’,মাঝ রাস্তায় গলায় ছুরি চালিয়ে লুটিয়ে পড়লেন ব্যক্তি,ঘটনায় ডোমজুড়ে চাঞ্চল্য