সময় কলকাতা ডেস্ক:- কলকাতার উপকণ্ঠে মাওবাদী পোস্টার! মঙ্গলবার রাত থেকেই খড়দহ স্টেশন চত্বর থেকে শুরু করে আশপাশের জনবহুল এলাকা ছেয়ে গছে পোস্টারে। এই ঘটনায় এক মাও নেত্রী-সহ ৭ জনকে গ্রেপ্তার করেছে রহড়া থানার পুলিশ। গ্রেপ্তারির সময়ও তারা স্লোগান দিতে থাকে। ধৃতদের সঙ্গে উত্তরবঙ্গের যোগ রয়েছে বলে সূত্রের খবর। ধৃতদের কলকাতা বা তার আশপাশে কোনও নাশকতার ছক ছিল কিনা, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।
পোস্টারের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় বারাকপুর কমিশনারেটের পুলিশ। পোস্টার ছিড়ে দেয় তারা। শুরু হয় তদন্ত। বুধবার সকালে রহড়ার আবাসনে অভিযান চালায় রহড়া থানার পুলিশ। সেখান থেকে এক মাও নেত্রী-সহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেকেই মাওবাদী স্কোয়াডের সদস্য বলে খবর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে চার যুবক ট্রেন থেকে নেমে খড়দহ রেল স্টেশন চত্বরের বিভিন্ন দেওয়ালে বেশ কিছু মাওবাদী পোস্টার সাঁটিয়ে দেয়। পোস্টার লাগিয়ে তারা আবার ট্রেনে উঠে চলে যায়। পোস্টারগুলিতে লেখা রয়েছে, ছত্রিশগড়, ওড়িশা, মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশে বিপ্লবী কৃষক যোদ্ধাদের উপর সরকার অত্যাচার করছে। তার বিরুদ্ধেই সোচ্চার হওয়ার ডাক দেওয়া হয়েছে পোস্টার গুলিতে। বস্তার ও আবুঝমার-সহ বিভিন্ন এলাকায় বিপ্লবীদের রক্তে ভেজা পথে এগিয়ে চলতে হবে। ফ্যাসিস্ট রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ও বিপ্লবী আন্দোলন গড়ে তোলারও ডাক দেওয়া হয়েছে। লালকালিতে লেখা ওই পোস্টারের নিচে লেখা রয়েছে মার্কসবাদী লেলিনবাদী মাওবাদী সংগঠন।


More Stories
মাথার দাম ছিল ২৫ লক্ষ, দান্তেওয়াড়ায় বাহিনীর এনকাউন্টারে খতম মহিলা মাওবাদী কমান্ডার, উদ্ধার একটি ইনসাস রাইফেল-সহ আরও বহু আগ্নেয়াস্ত্র
ছত্তিশগড়ে ফের বিরাট সাফল্য ,নিরাপত্তারক্ষীদের দিনভর লাগাতার গুলির লড়াইয়ে খতম ২২ মাওবাদী
বস্তার জেলায় মাওবাদীদের শেষ দিনের কাউন্ট ডাউন শুরু