সময় কলকাতা ডেস্ক:- বেপরোয়া গাড়ির ধাক্কায় পলতার আইএনটিটিইউসি অটোরিকশা ইউনিয়নের সভাপতি হান্নান গাজির মৃত্যু। তাঁর পরিবারের লোকজন অবশ্য হান্নানের মৃত্যুকে নিছক দুর্ঘটনা বলে মানতে নারাজ। হান্নানের পরিবারের লোকজনের অভিযোগ, পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে তাঁকে। এই মর্মে টিটাগড় থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন হান্নানের পরিবার। অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, বলতাছি পল্লির বাসিন্দা হান্নান গাজি শুক্রবার রাতে নিজের গ্যারাজ বন্ধ করে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে ব্যারাকপুরের শিশু তীর্থ প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি গাড়ি পিছন থেকে সজোরে ধাক্কা দেয় হান্নান গাজিকে। সেই সময়ে হান্নানের সঙ্গে ছিলেন তাঁর বন্ধু অভিজিৎ নন্দী। যদিও তিনি অক্ষত আছেন।
যে গাড়ি হান্নানকে ধাক্কা মারে সেই গাড়িটিকে আটক করেনি পুলিশ। খোঁজ মেলেনি সেই গাড়ির চালকেরও। হান্নানের বন্ধুর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। হান্নানের এই বন্ধুর অভিযোগ, ওই গাড়িটি হর্ন বাজায়নি। ইচ্ছাকৃত ভাবে ওই গাড়ির চালক জোরে তাঁর মামাকে ধাক্কা দেন। তখন রাস্তাও ছিল শুনশান। তাঁর দাবি, তিনি চিৎকার করলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। তিনি বাড়িতে ফোন করে পরিবারের লোকজনকে ডাকেন। তাঁরা পৌঁছে হান্নানকে বিএনবসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খতিয়ে দেখা হচ্ছে সব দিক। পুলিশ হান্নানের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। হান্নানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।


More Stories
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
অর্জুন সিংকে ‘চমকানো’ বনিকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ