সময় কলকাতা ডেস্ক:- প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি কল্যাণময় ভট্টাচার্যের বয়ান রেকর্ড করল। সূত্রের খবর, কী ভাবে এই দুর্নীতি হয়েছে, কত কোটি টাকার দুর্নীতি হয়েছে, সেই হিসেব জানিয়ে দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামাই। মনে করা হচ্ছে আরও বড় কোন প্রভাবশালী কে আড়াল করতেই হঠাৎ করে কল্যাণময় ভট্টাচার্য রাজসাক্ষী হতে চাইলেন। এর ফলে তদন্তের অভিমুখ অন্যদিকে ঘুরে যেতে পারে।
ইডির অভিযোগ, ‘বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ফাউন্ডেশন ট্রাস্ট’-এর মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির কালো টাকা ব্যবহার হয়েছে বিভিন্ন ভাবে। ওই ট্রাস্ট এবং কল্যাণময়ের নানা সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে। তাই কল্যাণময় ও তাঁর নানা সংস্থার নাম ইতিমধ্যেই চার্জশিটে উল্লেখ করা হয়েছে ইডির তরফে। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় ইডির মামলায় জামিন পেয়েছেন। কিন্তু সিবিআই মামলায় জামিন না পাওয়ায় এখনও জেলেই তিনি।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ট্রাস্টের মাধ্যমে একটি জমি কেনা হয় ও স্কুল তৈরি করা হয়। ইডি আরও দাবি, কল্যাণময় তাঁর লিখিত বয়ানে জানিয়েছিলেন, তিনি তাঁর শ্বশুর পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই সব কিছু করেছেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কল্যাণময় ভট্টাচার্য ও তাঁর অধীনে থাকা কয়েকটি সংস্থার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে ইডি। ওই মামলার বিচারও শুরু হয়ে গিয়েছে। শ্বশুর পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই কল্যাণময় ‘বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ফাউন্ডেশন ট্রাস্ট’-কে সামনে রেখে বিভিন্ন ধরনের অপকর্ম করেছে বলে ইডির দাবি। এই ট্রাস্টের অন্যতম মেম্বার ছিলেন বলে ইডির কাছে লিখিত বয়ান দেন কল্যাণময় নিজেই। প্রাক্তন শিক্ষামন্ত্রীর স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর তাঁদের আত্মীয় ও ঘনিষ্ঠ কয়েক জনকে নিয়ে এই ট্রাস্ট তৈরি করা হয়েছিল।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
অর্জুন সিংকে ‘চমকানো’ বনিকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ