Home » বোকারোর লুগু পাহাড়ে কোবরার গুলিতে ঝাঁঝরা ৯ মাওবাদী

বোকারোর লুগু পাহাড়ে কোবরার গুলিতে ঝাঁঝরা ৯ মাওবাদী

সময় কলকাতা ডেস্ক:- ছত্তিসগড়ের পরে এ বার ঝাড়খণ্ডের বোকারো। সিআরপিএফ, কোবরা-কমান্ডো এবং বোকারো জেলা পুলিশের যৌথ অভিযানে সোমবার ভোরে নিকেশ ৯ মাওবাদী।

জেলা পুলিশের এক কর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই এখনও চলছে। তবে জঙ্গলের ভিতরে ঠিক কতজন মাওবাদী রয়েছে তা এখনও নিশ্চিত জানা যায়নি। নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত দল ওই এলাকায় পাঠানো হয়েছে। গোমিয়া-লালপানিয়া মেন রোডের টুলবুল সিধো কানহু চক এ লালপানিয়ার মুন্ডা টোলিতে মালবাহী ট্রাক-সহ সব ধরনের গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। ওই পুলিশ কর্তা জানিয়েছেন, জঙ্গল ঘিরে অভিযানের পাশাপাশি শুরু হয়েছে চিরুনি তল্লাশি।

সূত্রের খবর, ভোর ৪টের আগে থেকেই এলাকা ঘিরে গুলি ছুড়তে শুরু করে কেন্দ্রীয় বাহিনী, কোবরা কমান্ডো ও পুলিশ কর্মীরা। পাল্টা গুলি ছোড়ে মাওবাদীরাও। কমান্ডো ও জেলা পুলিশের কমীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয় ৯ মাওবাদী। উদ্ধার হয়েছে ২টি ইনসাস রাইফেল, একটি এসএলআর, একটি পিস্তল। মহুয়া ও কেন্দুপাতা তুলতে জঙ্গলে ভোর হতেই ঢুকেছিলেন স্থানীয় আদিবাসীরা। দু’পক্ষের গুলির লড়াইয়ে দিশেহারা হয়ে ভয় পেয়ে তাঁরা দৌড়ে গ্রামে ফিরতে থাকেন। কেউ কেউ জঙ্গলে ঢুকেছিলেন গরু, মোষের জন্য ঘাস কাটতে। তাঁরাও আতঙ্কে গ্রামে ফিরে আসেন।

রবিবার বেশি রাতে গোপন সূত্রে খবর পাওয়া যায় লালপানিয়া থানা এলাকায় লুগু পাহাড়ের তলার দিকে মাওবাদীদের সশস্ত্র একটি দল ডেরা বেঁধেছে। খুব ভোরে অভিযানে শুরু হয়। স্থানীয় কয়েকজন আদিবাসীর থেকে খবর পাওয়া যায়, মাওবাদীরা সোসো টোলায় জড়ো হয়েছে। ওই জায়গা লুগু পাহাড়ের তলায় চোরগাঁও ও লালমাটিয়া লাগোয়া।

About Post Author