সময় কলকাতা ডেস্ক:- বারাসাতে বিরল ঘটনা। একটি কলাগাছে অদ্ভুত কাণ্ড। একসঙ্গে ধরেছে ৪০ থেকে ৫০টি মোচা। বিরল এই দৃশ্য দেখতে প্রতিদিন জমেছে শয়ে শয়ে মানুষের ভিড়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারাসতের বড়া এলাকার কলাবাগানে একটি কলা গাছে প্রকৃতির নিয়মের বিপরীতে একটি গাছেই হয়েছে প্রায় চল্লিশের অধিক মোচা। বিরল এই ঘটনার কথা জানাজানি হতেই সকাল-বিকেল ভিড় জমেছে মানুষের। অদ্ভুত এই দৃশ্যের সাক্ষী থাকতে চাইছেন সকলেই। সকলেই মোবাইলে বন্দি করছেন এই দৃশ্য।
বিষয়টি নিয়ে কৃষি বিশেষজ্ঞ কুসুম কমল মজুমদার বলেন, ‘গাছের সেল ডিভিশন হয় সাইটোকাইনিন ও জিব্বা রেলিনের জন্য। যেটা ওদের রিপ্রোডাক্টিভ সেল, সেই সেলটির যদি কখনও কখনও হরমোনাল এফেক্টে মাল্টিপল ডিভিশন হয়ে যায়, তাহলে এই ধরনের বহু ফলন দেখা যেতে পারে।’ হরমোনাল ভারসাম্যহীনতার কারণে এই ঘটনা বলেই মনে করেন তিনি, যা ব্যতিক্রমী। তবে বিরল এই কলাগাছের মোচা দেখতেই এখন হিরিক পড়েছে মানুষের।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ‘এমন কাণ্ড জীবনে প্রথম দেখছি, অদ্ভুত এই মোচা দেখতে প্রতিদিন প্রায় ৭০০-৮০০ লোক দেখতে আসছে।’ সাধারণত একটি কলা গাছে একটি মাত্রই ফুল অর্থাৎ মোচা ধারণ করে। আর তার থেকেই একাধিক ফল হয়। এদিকে উত্তর ২৪ পরগনা জেলার বারাসত ১ নং ব্লকের ছোটো জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়া এলাকার এই কলাগাছে একসঙ্গে প্রায় ৪০ থেকে ৫০টি মোচার দেখা মিলেছে।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?