Home » ভারত-পাকিস্তান উত্তেজনা আবহে দিল্লি সফরে ইরানের বিদেশমন্ত্রী

ভারত-পাকিস্তান উত্তেজনা আবহে দিল্লি সফরে ইরানের বিদেশমন্ত্রী

সময় কলকাতা ডেস্ক:- ভারতীয় উপমহাদেশের আকাশে যুদ্ধের ডঙ্কা। পাকিস্তান মদতপুষ্ঠ জঙ্গি ঘাঁটিগুলির ওপর ভারতীয় সেনা চালিয়েছে অপারেশন সিঁদুর। ক্ষণে ক্ষণে উত্তেজনার পারদ চড়ছে। সীমান্ত চলছে গুলির লড়াই। এই পরিস্থিতিতে, দিল্লি সফরে এলেন ইরানের বিদেশমন্ত্রী সইদ আব্বাস আরাঘচি। বিদেশ মন্ত্রক জানিয়েছে, দু’দিনের সফরে ভারত ও ইরানের মধ্যে ২০ তম যৌথ কমিশনের বৈঠকে যুগ্ম-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন আরাঘচি।

জানা গিয়েছে, ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করছে ভারত। সেখানেই যোগ দেবেন আরাঘচি। ১৯৫০ সালে‘ভারত-ইরান মৈত্রী চুক্তি’র মাধ্যমে কূটনৈতিক সম্পর্কের ভিত্তি তৈরি করেছিল দু’দেশ। আগামী দিনে এই সম্পর্ক আরও মজবুত ও কার্যকরী করে তুলতে বৈঠক করবেন জয়শংকর ও আরাঘচি। ইরানের বিদেশমন্ত্রী দেখা করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে।

প্রসঙ্গত, উত্তেজনার আবহে ভারত-পাকিস্তানকে শান্তির বার্তা দিয়েছে ইরান। এক্স হ্যান্ডলে পহেলগাঁও হামলা নিয়ে পোস্ট করতে দেখা গিয়েছিল ইরানের বিদেশমন্ত্রী আরাঘচিকে। তিনি লিখেছিলেন, ‘ভারত ও পাকিস্তান ইরানের দুই ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী। তাদের সঙ্গে বহু শতাব্দী প্রাচীন সাংস্কৃতিক ও সভ্যতার বন্ধন আমাদের। অন্য প্রতিবেশীদের মতোই তাদেরও আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। যুদ্ধ নয় আলোচনার মাধ্যমে শান্তি চাইছে ইরান।’

About Post Author