সময় কলকাতা ডেস্ক:- ভারত-পাকিস্তান সম্পর্ক ফের তলানিতে। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করেছে ভারত। বুধবার ভোররাতে অপারেশন সিঁদুর করে একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। বিষয়টি হজম করতে না পেরে সীমান্তে লাগাতার গুলি চালাচ্ছে পাক সেনা। তাতে ইতিমধ্যে একাধিক ভারতীয় নাগরিক এবং সেনার মৃত্যু হয়েছে। এই অবস্থায় বড় বার্তা এল আমেরিকার থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত-পাক উত্তেজনার মাঝেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। এবার দুই দেশের যুদ্ধ পরিস্থিতিতে ‘শান্তির দূত’ হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, অশান্তি থামাতে তিনি সব রকম সাহায্যের জন্য প্রস্তুত।
তখনও অপারেশন সিঁদুর হয়নি। পহেলগাঁও হামলার মাত্র ক’দিন পরেই ভারত-পাকিস্তানের পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন, কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের লড়াই হাজার বছরের। দুই দেশের সঙ্গেই তাঁর ভাল সম্পর্ক। তিনি চান পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক।
তবে এর কয়েক দিন পরই গত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে হামলা করে ভারত। ভারতের প্রত্যাঘাতের পরমুহূর্তেই ট্রাম্প বলেছিলেন, তিনি জানতেন কিছু একটা হতে চলেছে। ভারত ও পাকিস্তান বহু বছর ধরেই এই সংঘর্ষে জড়িয়ে রয়েছে। তিনি চান, এটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়।
এদিকে, ভারত ‘অপারেশন সিঁদুর’ করার পর পাকিস্তানের উদ্দেশে আমেরিকার বার্তা ছিল, পাকিস্তান যেন পাল্টা প্রতিরোধ করার চেষ্টা না করে। এবার ট্রাম্প দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার জন্য ফের প্রত্যক্ষ বার্তা দিলেন। বলেন, তিনি যদি কোনও সাহায্য করতে পারেন তবে ভারত-পাকিস্তান তাঁকে পাবে। তিনি চান না দুই দেশের মধ্যে আর উত্তেজনা বাড়ুক। পরিস্থিতি স্বাভাবিক হোক। ট্রাম্পের কথায়, ভারত যেমন ব্যবহার পেয়েছে, তেমনই ব্যবহার করেছে। তবে এবার তিনি আশা করছেন দুই পক্ষই থামবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।
অনেকের মতে, গাজায় হামাস-ইজরায়েল সংঘাত এবং রুশ-ইউক্রেন যুদ্ধে নিজে থেকে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছেন ট্রাম্প। এবার ভারত-পাকিস্তানের সংঘাতে হোয়াইট হাউস কোন পন্থা অবলম্বন করবে সেদিকেই নজর বিশ্বের। ঘনিষ্ঠ মহলে ট্রাম্প এও জানিয়েছেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘ সময়ের এই লড়াই আদতে লজ্জার বিষয়। প্রতিবেশী দুই দেশের সম্পর্ক এমন হওয়া উচিত নয়।
ভারত অবশ্য ‘অপারেশন সিঁদুর’ করে দাবি করেছে যে, তাঁরা কোনও সেনা ক্যাম্পে বা সাধারণ মানুষের ওপর হামলা করেনি। শুধুমাত্র জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, যারা নিরীহ মানুষকে মেরেছিল শুধু তাদেরই মারা হয়েছে। পাকিস্তান অবশ্য পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে। তবে তার সঙ্গে এও বলেছে, ভারত আর হামলা না করলে তারাও করবে না। যদিও নিয়ন্ত্রণ রেখায় লাগাতার গুলিবর্ষণ করে চলেছে পাক সেনা।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?