সময় কলকাতা ডেস্ক:- পহেলগাঁও কাণ্ডের পর ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার সকালে পাঞ্জাবের আদমপুরের বায়ুসেনাঘাঁটিতে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বায়ুসেনার জওয়ানদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন। ঘটনাচক্রে, এই বায়ুসেনাঘাঁটিতেই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বায়ুসেনার তৎপরতায় সেই হামলা প্রতিহত করা হয়েছে।
শুধু আদমপুর বায়ুসেনাঘাঁটিই নয়, আরও কয়েকটি বায়ুসেনাঘাঁটিতে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। সবক’টি হামলাই ব্যর্থ করেছে সেনা। পাকিস্তানে মাটিতে প্রত্যাঘাত এবং পাক হামলা দক্ষতার সঙ্গে রুখে দেওয়ায় তিন বাহিনীর প্রশংসা শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে। এ বার খোদ তাঁদের সঙ্গেই দেখা করতে বায়ুসেনাঘাঁটিতে যান প্রধানমন্ত্রী। মঙ্গলবার এক্স হ্যান্ডলে বায়ুসেনাঘাঁটিতে জওয়ানদের সঙ্গে নিজের ছবি পোস্ট করেন মোদী। গত সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার ভারতে যে যে সেনাঘাঁটিগুলিতে হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান, তাদের মধ্যে অন্যতম আদমপুরের বায়ুসেনা ঘাঁটি। পাকিস্তান সীমানা লাগোয়া হওয়ায় জঙ্গি হোক বা পড়শি দেশের সেনা সবার নজরেই রয়েছে ভারতের এই বায়ুসেনা ঘাঁটি। কিন্তু হাজার চেষ্টা চালিয়েও আদমপুরের কোনও ক্ষতি করতে পারেনি পাকিস্তান। তাদেরকে রুখে দিয়েছে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০। মঙ্গলবার, শুধু সফরই নয়, কোথা কোথা দিয়ে হামলা চালানো চেষ্টা করেছিল পাকিস্তান, তাও খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, জওয়ানদের সাহসিকতার জন্যও প্রশংসা করেন তিনি।
সোমবারই প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশে। সোমবার দেশবাসীর উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রীর কণ্ঠে তিন বাহিনীর ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে। তিনি বলেন, ভারতের সেনাবাহিনী সর্বদা সতর্ক। মাটি থেকে আকাশ, জল – সর্বত্র ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত থেকেছে।
সোমবার জাতির উদ্দেশে এই ভাষণের পরেই মঙ্গলবার পৌঁছে গেলেন আদমপুর সেনাঘাঁটিতে। অপারেশন সিঁদুরের পর এই প্রথমবার কোনও সেনাছাউনিতে গেলেন প্রধানমন্ত্রী। মোদি আগেই জানিয়ে দিয়েছেন ভারতের অভিযান বন্ধ হয়নি, স্থগিত হয়েছে। প্রয়োজনে আবার জবাব দেবে ভারতীয় সামরিক বাহিনী। কোনও ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’ ভারত সহ্য করবে না।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?