Home » বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে রাজনাথ সিং, পাকিস্তানকে আরও চাপে ফেলতেই আলোচনা?

বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে রাজনাথ সিং, পাকিস্তানকে আরও চাপে ফেলতেই আলোচনা?

সময় কলকাতা ডেস্ক:- আপাতত বন্ধ রয়েছে ভারত-পাকিস্তান সংঘাত। তার মধ্যেই মঙ্গলবার উচ্চপর্যায়ের বৈঠকে বসেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। জানা গিয়েছে, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী ছিলেন সেই বৈঠকে। এছাড়াও ছিলেন প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। তারপরেই শুরু হয়েছে জল্পনা, সংঘর্ষবিরতির মধ্যে কেন আচমকা বৈঠক? তাহলে কি পাকিস্তানকে আবার বড়সড় প্রত্যাঘাত করতে চলেছে ভারত?

পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট সন্ত্রাসের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের সাফল্য ও দুই দেশের সংঘর্ষবিরতি প্রসঙ্গে সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তান ও সন্ত্রাস কীভাবে সমার্থক শব্দ হয়ে উঠেছে তার ব্যাখ্যা করে কড়া বার্তা দেন।

প্রধানমন্ত্রীর ভাষণের পরদিনই সাউথ ব্লকে উচ্চপর্যায়ের বৈঠকে বসেন রাজনাথ। প্রায় ঘণ্টাখানেক ধরে চলা এই বৈঠকে সীমান্ত পরিস্থিতি, পাকিস্তানের বর্তমান ভূরাজনৈতিক অবস্থান, এবং ভবিষ্যতের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর। এদিকে, মঙ্গলবার সকালে আদমপুরের বায়ুসেনা ঘাঁটিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তারপরেই রাজনাথের বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। আগামী দিনে পাকিস্তানের উপর প্রত্যাঘাতের পরিকল্পনা করতেই কি এই বৈঠক? উঠছে প্রশ্ন।

‘সার্জিক্যাল স্ট্রাইক’ পুনরাবৃত্তির সম্ভাবনা?

২০১৬ সালে উরির হামলার পর ভারত প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক চালায়। এরপর ২০১৯ সালে পুলওয়ামা হামলার জবাবে বালাকোটে এয়ার স্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা। এই দুই অভিযানের মাধ্যমে ভারত পাকিস্তানকে স্পষ্ট বার্তা দেয় যে, সন্ত্রাসবাদ মেনে নেওয়া হবে না। বর্তমান বৈঠককে কেন্দ্র করে প্রশ্ন উঠছে, ভারত কি আবারও সেই রাস্তায় হাঁটতে চলেছে? সবমিলিয়ে, সামরিকভাবে না হলেও কূটনৈতিকভাবে পাকিস্তানকে ফের প্রত্যাঘাত করতে পারে ভারত, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

 

About Post Author