সময় কলকাতা ডেস্ক:- ‘অপারেশন’ জারি রয়েছে। সন্ত্রাসবাদকে ভারত যে কোনও ভাবেই বরদাস্ত করবে না সে কথা আগেই স্পষ্ট ভাবে জানিয়েছিল নয়া দিল্লি। মঙ্গলবারের পর ফের বৃহস্পতিবার নিকেশ একের পর এক জঙ্গি। বৃহস্পতিবার ভোরে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় নতুন করে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই হয়েছে ভারতীয় সেনার। সেনার ফাঁদে পড়েছিল তিন জইশ-ই-মহম্মদ সংগঠনের সন্ত্রাসবাদী। শেষ পাওয়া খবর অনুযায়ী, তিন জঙ্গিকেই নিকেশ করেছে ভারতীয় সেনা। তাদের নাম আসিফ আহমেদ শেখ, আমির নাজির ওয়ানি এবং ইয়াওয়ার আহমদ ভাট বলে খবর।
প্রত্যেকেই পুলওয়ামার বাসিন্দা ছিল। বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত ছিল পুলওয়ামার ত্রাল এলাকার নাদির গ্রাম। সেখানেই এই জইশ জঙ্গিদের হদিশ পেয়ে তল্লাশি অভিযান চালিয়েছিল সেনা। এ দিন কাশ্মীর পুলিশের তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়। সেই পোস্ট থেকে জানা যাচ্ছে, জম্মু ও কাশ্মীরের ত্রালে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই চলছে। ‘অপারেশন সিঁদুর’-এর পর জঙ্গি নিধনে ‘অপারেশন কেল্লার’ অভিযান শুরু করা হয়েছে। গত মঙ্গলবার সেই অভিযানেই সোপিয়ানে খতম করা হয়েছিল ৩ লস্কর জঙ্গিকে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে এবার নিকেশ হল ৩ জইশ জঙ্গি।
পহেলগাঁওয়ের ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ অভিযান করেছে ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে চিহ্নিত ৯ টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। পাক সেনা পাল্টা হামলা চালানোয় পরিস্থিতি যুদ্ধের দিকে এগিয়েছিল। তবে গত শনিবারই দুই দেশ যুদ্ধবিরতি ঘোষণা করে। কিন্তু সীমান্ত এলাকায় উত্তেজনা একেবারেই কমেনি। বরং এলওসি-তে আক্রমণের বহর আরও বাড়িয়ে দেয় পাক বাহিনী।
এদিকে জম্মু-কাশ্মীরের বিভিন্ন প্রান্তে জঙ্গিদের গতিবিধিও আরও স্পষ্ট হয়ে ওঠে। সেই প্রেক্ষিতেই আবার নতুন করে ‘অপারেশন কেল্লার’ অভিযান শুরু করেছে সেনা। একই সাথে পহেলগাঁও কাণ্ডে জড়িত জঙ্গিদের খোঁজও জারি রয়েছে। জঙ্গি নিকেশের পাশাপাশি কাশ্মীরের নানা জায়গা থেকে বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করছে ভারতীয় সেনা।
গত মঙ্গলবারই সোপিয়ান থেকে রাইফেল, গ্রেনেড, বেশ কয়েকটি বন্দুক এবং কয়েকটি ব্যাগ উদ্ধার হয়েছে। জঙ্গিদের ব্যবহার করা টাকার ব্যাগও উদ্ধার করেছে সেনা।
গোয়েন্দাদের একটি সূত্রের দাবি, পহেলগাঁওয়ের ঘটনার পরে লস্করের এবং জইশের ১৪ জঙ্গি জম্মু-কাশ্মীরে সক্রিয় ছিল। তার মধ্যে এখনও পর্যন্ত ৬ জঙ্গি নিকেশ হল। এদিকে, পুলওয়ামা জেলার বিভিন্ন জায়গায় মঙ্গলবার সকালে পহেলগাঁও হত্যালীলায় জড়িত জঙ্গিদের ছবি-সহ পোস্টার সাঁটানো হয়েছে। ওই জঙ্গিদের কোনও খোঁজ দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে।


More Stories
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
অনশনের ১৭ দিনে অসুস্থ সোনম ওয়াংচুকের জন্য উদ্বিগ্ন লেখক -অভিনেতা -বুদ্ধিজীবীরা
সরকারে বিশ্বাস রেখে বারুইপুরে সায়নী ফাঁসি চাইছেন