Home » ‘ওরা পর্যটকদের ধর্ম দেখে মেরেছে’, ‘আমরা জঙ্গিদের কর্ম দেখেছি’, শ্রীনগরে সেনাঘাঁটিতে দাঁড়িয়ে হুঙ্কার রাজনাথ সিংয়ের

‘ওরা পর্যটকদের ধর্ম দেখে মেরেছে’, ‘আমরা জঙ্গিদের কর্ম দেখেছি’, শ্রীনগরে সেনাঘাঁটিতে দাঁড়িয়ে হুঙ্কার রাজনাথ সিংয়ের

সময় কলকাতা ডেস্ক:- ‘অপারেশন সিঁদুর’ দিয়ে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত। এই সফল অভিযান এবং ভারত-পাকিস্তানের সংঘর্ষ বিরতির পর বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরে গেলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর শ্রীনগরে দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া বার্তা কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। ‘ওরা ভারতে পর্যটকদের ধর্ম দেখে মেরেছে, ভারত জঙ্গিদের কর্মে মেরেছে’, পহেলগাঁওয়ে হামলার পর ভারতের অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরেন তিনি। বৃহস্পতিবার আরও একবার সেনাবাহিনীকে কুর্নিশ জানান প্রতিরক্ষা মন্ত্রী।

অপারেশন সিঁদুরের পর প্রথম কাশ্মীর সফরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শ্রীনগরের বাদামিবাগে চিনার কার্পস-এর সদর দফতরে যান তিনি। প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সেনাবাহিনীর প্রস্তুতি খতিয়ে দেখেন রাজনাথ। অপারেশন সিঁদুরের সফল্যের জন্য অভিনন্দন জানান জওয়ানদেরও।

ভারত-পাকিস্তান সংঘাতের আবহে নিয়ন্ত্রণ রেখার অদূরে ভারতের মাটিতে বেশ কয়েকটি শেল ছোড়ে পাক সেনা। বৃহস্পতিবার সেই জায়গাগুলি ঘুরে দেখেন রাজনাথ। সেখানেই পাকিস্তানকে নিশানা করে একের পর এক মন্তব্য করেন রাজনাথ সিং। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলা হয়েছিল, প্রাণ হারিয়েছিলেন ২৬ জন নিরীহ পর্যটক। পাল্টা ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারত। প্রতিরক্ষামন্ত্রী বলেন, পাকিস্তান ভারতের ‘মাথা’ কাশ্মীরে হামলা করেছে। ভারত ওদের বুকে আঘাত করেছে। ভারত বুঝিয়েছে প্রয়োজনে মুখের উপর জবাব দিতে পারে।

অতীতের একটি ঘটনা স্মরণ করিয়ে রাজনাথ সিং বলেন, একুশ বছর আগে ইসলামাবাদে অটলজির সামনেই পাকিস্তান ঘোষণা করেছিল যে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেবে না। কিন্তু পাকিস্তান ভারতকে ঠকিয়েছে, আজও ঠকাচ্ছে। এখন তার মূল্য দিতে হচ্ছে তাদের। কাশ্মীর সফরে গিয়ে রাজনাথ সিং প্রশ্ন তোলেন, গোটা বিশ্ব দেখেছে পাকিস্তান কতটা দায়িত্বজ্ঞানহীন। এমন এক দুর্বৃত্ত জাতির হাতে পরমাণু অস্ত্র নিরাপদ?

গত মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, গোটা বিশ্ব ভারত মাতার শক্তি দেখেছে। ভারত মাতা কি জয় বলতেই শত্রুরা কাঁপতে থাকে। ভারত মাতা কি জয় ক্ষেত থেকে মিশনে প্রতিধ্বনিত হচ্ছে। ভারতের সেনাবাহিনী পারমাণবিক হুমকিকে ভয় করে না। বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও সেই সুরেই বলেন যে পাকিস্তানের পরমাণু অস্ত্রের উপরে আন্তর্জাতিক মহলের নজর রাখা উচিত।

About Post Author